ফরিদপুরে মাদক মামলার ১১ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ১১ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুজনের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম করাদণ্ড ভোগ করতে হবে।

আজ রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মোড় হাট গ্রামের বাসিন্দা তুহিন মাতুব্বর (৩৯) ও ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার চৌধুরী বাড়ী এলাকার বাসিন্দা মোশারফ হোসেন (৪৪)। রায় ঘোষণার সময় তুহিন মাতুব্বর আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি মোশারফ হোসেন পলাতক ছিলেন। রায় ঘোষণা শেষে তুহিন মাতুব্বরকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১২ সালের ৭ আগস্ট নগরকান্দা উপজেলার মাঝারদিয়া এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গাড়িতে থাকা তুহিন মাতুব্বর, কালাম বিশ্বাস, নুরু বিশ্বাস, বাদল অধিকারী ও জামাল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। ওই দিন নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মামলার প্রায় দেড় মাসের মধ্যে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি মোশাররফ হোসেনসহ মোট ছয়জনের নামে অভিযোগপত্র দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। আদালত ছয় আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

রায়ের তথ্য নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি নওয়াব আলী। তিনি বলেন, বর্তমানে মাদক সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে এ রায় সমাজে মাদক বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।