মারা গেছে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অজ্ঞাতনামা সেই কিশোর
অচেতন কিশোরের কোনো স্বজন না থাকায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাই যেন সাত দিনে তার স্বজন হয়ে উঠেছিলেন। তাঁদের সবাইকে কাঁদিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মারা গেছে অজ্ঞাতনামা এই কিশোর। ৩ মে অচেতন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল।
ওই কিশোরের পরিচয় জানার জন্য সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে শনাক্ত করা যায়নি। ২ মে সকালে ওই কিশোরকে পাবনার মুলাডুলি রেললাইনের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সময় তার পরনে ছিল বাদামি রঙের প্যান্ট। শরীরের ওপরের অংশে কোনো পোশাক ছিল না। তার বয়স আনুমানিক ১৫ বছর।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ২ মে সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তর করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনর্চাজ আবু হেনা মোস্তফা কামাল বলেন, তিনি ৩ মে ও ৭ মে ওই কিশোরের সিটি স্ক্যান করান। তার মাথায় বড় ধরনের আঘাত ছিল। মাথায় এত বড় আঘাতে মানুষের বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। লাইফ সাপোর্ট লাগানো হয়েছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং শিশু আইসিইউয়ের নিজস্ব তহবিল থেকে চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছিল। এ ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী, পরিচয় উদ্ধার করার জন্য সব ধরনের পদক্ষেপও নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ওই কিশোরকে বাঁচানো সম্ভব হয়নি।
আবু হেনা মোস্তফা কামাল আরও বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সবাইকে কাঁদিয়ে ওই কিশোর পৃথিবী ছেড়ে চলে গেল। এর আগে অনেকেই ওই কিশোরকে নিজের সন্তান দাবি করে হাসপাতালে দেখতে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত ওই কিশোরকে চিনতে না পারায় সবাই ফিরে গেছেন। বর্তমানে ওই কিশোরের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।