জামালপুরে বিয়ের আড়াই মাস পর নির্যাতন করে গৃহবধূকে হত্যার অভিযোগ
জামালপুর সদর উপজেলায় বিয়ের আড়াই মাস পর নির্যাতন করে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর বোন এ অভিযোগ করেন। আজ বুধবার দুপুরে লাশটির ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর শাশুড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম তাহমিনা জান্নাত (২২)। তিনি জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার উজ্জ্বল মাহমুদের স্ত্রী। নিহত গৃহবধূর ছোটবোন জয়নব জাহানের দাবি, তাঁর বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার চান।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, ২ মাস ১৭ দিন আগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে তাহমিনা জান্নাতের সঙ্গে উজ্জ্বল মাহমুদের বিয়ে হয়। কিছুদিন পরেই তাহমিনা গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাহমিনার গর্ভের সন্তানকে নষ্ট করতে চাপ দিয়ে যাচ্ছিলেন। এসব বিষয় নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ির একটি কক্ষে নিয়ে তাহমিনাকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি রাতেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। পরে আজ দুপুরে লাশটির ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর শাশুড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।