বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ১৬ জেলে আটক

আটক ভারতীয় জেলেরা। বুধবার বিকেলে কলাপাড়ার বালিয়াতলী নৌ পুলিশ ফাঁড়িতে
ছবি: প্রথম আলো

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের কাছ থেকে ভারতীয় মাছ ধরার একটি ট্রলার জব্দের পাশাপাশি ১৬ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে নৌবাহিনীর একটি টহল দল তাঁদের আটক করে। বিকেলে উপজেলার বালিয়াতলী নৌ পুলিশ ফাঁড়িতে তাঁদের হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক মো. মমিনুর রহমান।

আটক জেলেরা হলেন ট্রলারের মাঝি হরলাল দাস (৫০), ব্রিটিশ দাস (৪৮), পংকজ দাস (২৬), রাজা দাস (২২), স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস (৬২), আপন দাস (৬০), হৃদয় দাস (২৭), দীপক দাস (৩০), সুনীল দাস (৪৭), জয় হরি দাস (৪৫), সত্যলাল দাস (২৫), গোপাল পাল (৩৯), হরিদাস (৩২), সমর দাস (৫০) ও রণজিৎ দে (২৪)। তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাছ ধরার ভারতীয় ট্রলারটি বাংলাদেশের জলসীমার ৩৫ কিলোমিটার ভেতরে ঢুকে মাছ ধরছিল। নৌবাহিনীর জাহাজ বিএনএস গোমতীর অধিনায়ক কমান্ডার মো. আরিফ হোসেনের নেতৃত্বে নৌবাহিনীর একটি টহল দল ভারতীয় ট্রলার জব্দের সঙ্গে সঙ্গে জেলেদের আটক করে।

জব্দ করা মাছ ধরার ট্রলার
ছবি: প্রথম আলো

বালিয়াতলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে ৬৫ দিনের অবরোধ চলছে। ভারতীয় ট্রলারটি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে মাছ ধরছিল। এ সময় বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর একটি দল তাঁদের আটক করতে সক্ষম হয়।

মমিনুর রহমান আরও বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৮৩ সালের ২২ (ক) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতের মধ্যে জব্দ করা ট্রলারটিসহ আটক জেলেদের কলাপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।