আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে দুই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার আশুলিয়ার বাইপাইলেছবি: প্রথম আলো

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে তাঁরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির আয়োজনে আজ মঙ্গলবার এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকেরা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতা-কর্মীরা বলেন, আজ সকাল ১০টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ডে জড়ো হন ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেডের ভুক্তভোগী শ্রমিকেরা। পরে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আশুলিয়ার বাইপাইল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা সমাবেশ করেন। সমাবেশ শেষে আবার বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বগাবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

সমাবেশে বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, গত মার্চে ঈদের ছুটির সময় বলা হয়েছিল, ঈদের আগেই বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা হবে। তবে সেটি পরিশোধ করা হয়নি। এরপর কয়েক দফা ছুটি বাড়ানো হয়। একপর্যায়ে এপ্রিল মাসে কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়। শিল্পাঞ্চল পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের সহায়তায় পরে শ্রমিকদের বোনাস এবং বকেয়া এক মাসের বেতনের ২৫ শতাংশ পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। তবে বেতনের বাকি অংশ, সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। এ ছাড়া কারখানার স্টাফদের কারও পাঁচ মাস, কারও ছয় মাসের বেতনসহ অন্যান্য সুবিধা বকেয়া আছে।

কারখানা দুটি বন্ধের পর শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দুই দফা চুক্তি হলেও অধিকাংশ শ্রমিক এখনো পাওনা বুঝে পাননি বলে দাবি করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম। এই দুই কারখানায় দুই হাজারের বেশি শ্রমিকের মধ্যে প্রায় ১২০ জন শ্রমিককে পাওনা পরিশোধের পর অন্য শ্রমিকদের টাকা দেওয়া বন্ধ আছে। অনেকের পাঁচ থেকে ছয় মাসের বেতনসহ অন্যান্য পাওনাদি বকেয়া আছে।