নাটোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৯
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বিল্লাল মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মশিন্দা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, মশিন্দা মধ্যপাড়ার বিল্লাল মন্ডল ভোরে নামাজ শেষে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে আনিসুর, প্রতিবেশী মিঠু আলী ও আরশেদ আলী। বাজারের কাছাকাছি মধ্যপাড়া মোড়ে পৌঁছালে দুই দিক থেকে লাঠি, হাতুড়ি, হাঁসুয়া ও বল্লম নিয়ে তাঁদের ওপর হামলা করেন প্রতিপক্ষের ১০ থেকে ১২ জন। এ সময় অন্যরা পালিয়ে যেতে পারলেও প্রতিপক্ষের লোকজন বিল্লালকে ধরে ফেলেন। তাঁরা বিল্লালকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা এসে তাঁকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন বলেন, বিল্লাল মন্ডলের ছোট ভাই মোজাচ্ছের মন্ডল প্রতিবেশী আবদুল খালেক, তাঁর দুই ভাই আইয়ুব ও ইয়াকুবের কাছ থেকে জমি কেনেন ২০ বছর আগে। সম্প্রতি ওই জমিতে মায়ের অংশ দাবি করেন জমি বিক্রেতা খালেক ও তাঁর ভাইয়েরা। এতে বিরোধ সৃষ্টি হলে দুই সপ্তাহ আগে বড়াইগ্রাম থানা–পুলিশের সহায়তায় আপস মীমাংসা হয়। কিন্তু তারপরও তাঁদের বিরোধ থামেনি এবং এরই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় একই গ্রামের মোহাম্মদ মাস্টার, খালেক, নিপন, মনজুর, নাফিজসহ নয়জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।