গাজীপুরে প্রমাণ হয়েছে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব: আবদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। শনিবার দুপুরে শহরের আলীপুর মোড়ে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বলেছেন, বাংলাদেশে অসাংবিধানিক সরকার কাঠামো আর কোনো দিন হবে না। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে শহরের আলীপুর মোড়ে মুজিব সড়কে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের হাসিবুল হাসান লাবলু সড়কের মুখে সম্মেলন হয়। এ জন্য মুজিব সড়কের এক পাশ বন্ধ রাখা হয়। সম্মেলনের কারণে হাসিবুল হাসান লাবলু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও পথচারীরা।

আবদুর রহমান বলেন, ‘বর্তমান সরকার যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একটি মহল দেশ তথা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের মাঝ থেকে কেউ সরিয়ে দিতে পারবে না। বিএনপিকে বলছি, শান্তিপূর্ণভাবে রাজনীতি করেন। কর্মসূচি পালনের নামে যদি অগ্নিসন্ত্রাস বেছে নেন, তাহলে এই ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ আঙুল মুখে দিয়ে বসে থাকবে না।’

প্রধানমন্ত্রীর অদম্য যাত্রা রোধ করার ক্ষমতা কারও নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন ছাড়া অন্য কোনো রাস্তায় ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। নেতৃত্ববিহীন বিএনপি আগামী নির্বাচনেও বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিতে সম্পূর্ণ ব্যর্থ হবে।

ফরিদপুরের আওয়ামী লীগের রাজনীতিতে একতা দরকার মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসুন বিভেদ ভুলে একত্রে কাজ করি। আজকের এই সম্মেলনে আমি সব নেতাকে দাওয়াত দিতে বলেছি। অনেকে এসেছেন, অনেকে আসতে পারেন নাই। সামনে জাতীয় নির্বাচন। আপনারাও বঙ্গবন্ধুর কথা বলেন, তাহলে আমাদের মধ্যে বিভেদ কোথায়? আসুন, এক জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর কথা বলি, শেখ হাসিনার ঝান্ডা উড়াই।’

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ‘আমার নেতা আবদুর রহমান আজ আমাদের ফরিদপুর জেলা আওয়ামী লীগ কীভাবে চলবে তার একটা নির্দেশনা দিয়েছেন। এখন থেকে সেই মতে জেলা আওয়ামী লীগ চলবে। আওয়ামী লীগকে শক্তিশালী করতে ও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে দলকে সুসংগঠিত করার বিকল্প নেই।’

সম্মেলনে জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবদুস সোবহান সভাপতিত্ব এবং সদস্যসচিব মো. ফরিদ মিয়া সঞ্চালনা করেন।

আরও বক্তব্য দেন মৎসজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি সায়ীদুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ আজগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক, ফরিদপুরে পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রমুখ।

সম্মেলন শেষে জেলা মৎস্যজীবী লীগের বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে আবদুস সোবহানকে সভাপতি ও মো. ফরিদ মিয়াকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন তাঁরা। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

এ সম্মেলন শহরের কবি জসীমউদ্‌দীন হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জেলা মৎস্যজীবী লীগের একাংশ সংবাদ সম্মেলন করে ‘অগণতান্ত্রিকভাবে সম্মেলন আহ্বান ও জাতীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি’ দাবি করে সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। পরে স্থান পরিবর্তন করে আলীপুরের মোড়ে সড়কের ওপর স্থান নির্ধারণ এবং দলের কেন্দ্রীয় নেতা আবদুর রহমানকে প্রধান অতিথি করা হয়।