আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় এ মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে প্রথম আলোকে ওই মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ। তিনি প্রথম আলোকে জানান, আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে তদন্তের স্বার্থে মামলায় এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে চাননি পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে দৌলতপুর থানায় গিয়ে মামলার এজাহার জমা দেন। মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে জানতে রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে নুসরাত তাবাসসুমের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, মামলার এজাহার জমা দেওয়া হয়েছে। মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংসদ অধিবেশন চলায় ঘটনার দিন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঢাকায় অবস্থান করছিলেন। দৌলতপুরের বাগোয়ান গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে বাবা মোহা. আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে তাঁরা দেখেন, বসতঘর, উঠান ও আশপাশের সবকিছুতে আগুন জ্বলছে। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এজাহারে বাদী আরও উল্লেখ করেন, আগুনে তাঁর (সংসদ সদস্য নুসরাত তাবাসসুম) বাড়ির এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি ভস্মীভূত হয়েছে। গোয়ালে থাকা তিনটি ছাগল পুড়ে মারা গেছে। এতে তাঁর আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
এদিকে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বৃহস্পতিবার সারা দিন নুসরাতের সঙ্গে তাঁদের বাড়িতে ছিলেন। থানায় এজাহার জমা দেওয়ার সময়ও তিনি নুসরাতের সঙ্গে ছিলেন। তিনি রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্যরা শুক্রবার সকালে কুষ্টিয়ায় নুসরাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেলে নুসরাতের বাড়ি তাঁরা পরিদর্শন করবেন। এ জন্য সংসদ সদস্য নুসরাত গ্রামের বাড়িতেই থাকছেন। শুক্রবার আসা কমিটির সঙ্গে তিনি কথা বলবেন।