চট্টগ্রামে কাচ্চি ডাইনের ফ্রিজে বাসি খাবার ও কাঁচা মাংসের রক্ত
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না হয় খাবার। ফ্রিজে একই সঙ্গে রাখা হয় রান্না করা ও কাঁচা মাংস। এসব কাঁচা মাংস থেকে রক্ত চুইয়ে পড়ে জমাট বেঁধে ছিল ফ্রিজে। একসঙ্গে রাখা ছিল বাসি জালি কাবাব। বিরিয়ানি রান্নায় ব্যবহার করা হচ্ছিল অনুমোদনহীন রাসায়নিক কেওড়া জল।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের জনপ্রিয় রেস্তোরাঁ কাচ্চি ডাইনের স্টিল মিল শাখায় গিয়ে এমন চিত্র দেখতে পান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। এদিন অভিযানে গিয়ে রেস্তোরাঁটিকে এক লাখ টাকা জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়া।
কর্মকর্তারা জানান, রেস্তোরাঁর রান্নাঘরে গিয়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়। ফ্রিজে কোনো ধরনের লেবেল ছাড়া খাসি ও মুরগির মাংস এবং জালি কাবাবের কিমা মজুত ছিল। ফ্রিজে অনেক দিনের ময়লা জমাট বাঁধা রক্তের স্তূপও ছিল। তাঁদের রান্নায় ক্ষতিকর কেওড়া জলও ব্যবহার করা হচ্ছিল। সেখানকার কর্মীদের স্বাস্থ্যসনদ ও রেস্তোরাঁ নিবন্ধন সনদও ছিল না।
চট্টগ্রামের নিরাপদ খাদ্য কর্মকর্তা (নগর) মুহাম্মদ মুনতাসির মাহমুদ প্রথম আলোকে বলেন, এর আগেই তাঁদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তাদের রান্নাঘরে গিয়ে নানা অনিয়ম দেখা যায়। ক্ষতিকর কেওড়া জল ব্যবহারসহ অন্যান্য অপরাধে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইয়াসিনুল হক চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।