যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি: ব্যাটালিয়ন কমান্ডার

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। আজ রোববার বিকেলে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত ৪৯ বিজিবি সদর দপ্তরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরারি আসামিদের প্রতি ইঙ্গিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেছেন, সীমান্ত দিয়ে ফাসিবাদী গোষ্ঠীর সদস্যদের আগমনের তথ্য দিলে, তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার বেলা সাড়ে তিনটায় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাইফুল আলম এ কথা বলেন।

৪৯ বিজিবির অধিনায়ক সাইফুল আলম বলেন, ‘ফ্যাসিবাদের (ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের) আগমনের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেব।’

বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘এ ধরনের ফেরারি আসামিদের যদি কোনো খবর বা তথ্য দিয়ে কেউ সহায়তা করে, আমরা বিজিবি থেকে নিশ্চিত করতে পারি, তাঁর ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখব। সেই সঙ্গে বিজিবি সদর, সেক্টর সদর এবং আমরা যারা ব্যাটালিয়নের সিও হিসেবে আছি, আমরা একটি ভালো সম্মানী বা পুরস্কারের ব্যবস্থা করব ওই ব্যক্তির জন্য, যিনি আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন।’

অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশ ঠেকাতে দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলেও জানান সাইফুল আলম। তিনি বলেন, এ জন্য যশোরের বেনাপোলসহ সীমান্তবর্তী এলাকায় ২৫ থেকে ৩০টি নতুন তল্লাশিচৌকি বসানো হয়েছে।

৪৯ বিজিবির অধিনায়ক আরও জানান, সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাতে নজরদারির জন্য সার্চলাইট বসানো হচ্ছে। থার্মাল ক্যামেরা ও ড্রোনের মতো আধুনিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে সড়কে কয়েক স্তরে ব্যারিকেড বসানো হবে।

এ সময় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ভূমিকা উল্লেখ করে সাইফুল আলম বলেন, ১০ নভেম্বর থেকে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন হয়েছে। যশোর রিজিওন থেকেই প্রথমে তিন প্লাটুন এবং আজ আরও তিন প্লাটুন মিলিয়ে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।