আখাউড়ায় ৩ সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শহরে তিন সাংবাদিককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার তিনজন হলেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি ও নিউ এজের জেলা প্রতিনিধি হান্নান খাদেম (৪২); উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিনের আখাউড়া উপজেলা প্রতিনিধি রুবেল আহমেদ (৩৮) এবং উপজেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মাইটিভির আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন (৩০)।

আহত রুবেল আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে পৌর শহরের সড়ক বাজারের সাতরং ফ্যাশনের মালিক সোহাগ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা প্রথম আলোকে বলেন, ‘সকালে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করায় তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। তাদের একজন সাংবাদিকদের ওপরে হামলা করেছে বলে শুনেছি। ঘটনাস্থলে ওসিকে পাঠানো হয়েছে।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসলাম হোসেন বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করা হয়। লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।’

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও অংগ্যজাই মারমা শহরের সড়ক বাজার পর্যবেক্ষণে যান। এ সময় সড়কে অবৈধভাবে মোটরসাইকেল রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারের সাতরং ফ্যাশনের মালিক সোহাগ মিয়াকে পাঁচ হাজার টাকা ও অন্য দুই মোটরসাইকেল আরোহীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন সোহাগ মিয়া।

এ সময় সেখানে সাংবাদিক হান্নান খাদেম, জালাল হোসেন, অমিত হাসান ও হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে তিনটার দিকে হান্নান খাদেম, জালাল হোসেন ও রুবেল আহমেদ ফল কেনার জন্য সড়ক বাজারে যান। এ সময় সোহাগ মিয়া ভ্রাম্যমাণ আদালতের জরিমানার জন্য তাঁদের দায়ী করে ক্ষুব্ধ কথাবার্তা বলেন।

একপর্যায়ে সোহাগ ও তাঁর দোকানের কর্মচারীসহ সাত–আটজন মিলে তিন সাংবাদিককে মারধর শুরু করেন। এ সময় তাঁদের একটি ক্যামেরা ছিনিয়ে নেন হামলাকারীরা।‌ হামলায় রুবেল আহমেদ আহত হন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে পুলিশ।

রুবেল আহমেদ অভিযোগ করেন, ‘আজ বেলা সাড়ে তিনটার দিকে বাজারে গেলে কিছু বুঝে ওঠার আগেই সোহাগ মিয়ার নেতৃত্বে সাত-আটজন আমাদের ওপর হামলা করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে। পুলিশ পাঁচজনকে আটক করলেও সোহাগ গা ডাকা দিয়েছেন। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।’