ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলে গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগে গ্রাহকেরা

গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকতে দেখা গেছে। আজ বুধবার সকালে বিশ্বরোডের সাফকো সিএনজি রিফুয়েলিং ফিলিং স্টেশনেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল উপজেলা পর্যন্ত আবাসিক ও বাণিজ্যিক গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন প্রায় ১০ হাজার গ্রাহক। গ্যাসের এই সরবরাহ বন্ধ থাকবে আগামী শুক্রবার সকাল পর্যন্ত। এ কারণে বাসাবাড়ি ও রেস্তোরাঁগুলোতে রান্নাবান্নার সমস্যা হচ্ছে। পাশাপাশি গ্যাস না নিয়েই ফিলিং স্টেশন থেকে ফিরতে হচ্ছে সিএনজিচালিত যানবাহনগুলোকে।

আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গতকাল মঙ্গলবার সকাল থেকে আগামী শুক্রবার সকাল পর্যন্ত সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত এই পাইপলাইনের কাজ হবে। গতকাল সকাল থেকে কাজ শুরু হয়েছে। গ্যাসের সরবরাহ সচল করতে নির্ধারিত সময়ের চেয়ে দুই দিন বেশি লাগতে পারে। সে ক্ষেত্রে গ্রাহকদের গ্যাস পেতে অপেক্ষা করতে হবে আগামী রোববার পর্যন্ত।

গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সূত্রে আরও জানা যায়, এই সরবরাহ লাইনের অধীন বৈধ পাঁচ হাজার সংযোগ এবং অবৈধ পাঁচ হাজারের মতো সংযোগ আছে। গ্যাসের সরবরাহ বন্ধ থাকার বিষয়ে গত সোমবার সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল উপজেলা পর্যন্ত মাইকিং করা হয়।

বাসায় গ্যাস সংযোগ বন্ধ থাকায় দুই দিন ধরে মাটির চুলায় রান্না করছেন সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের নন্দনপুর গ্রামের বাসিন্দা হোসনা বেগম। আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার থেকেই রান্নাবান্না নিয়ে কষ্টে আছি। মাটির চুলা জ্বালাতেই সমস্যা হয়। চুলা জ্বালাতে গেলেই চোখ নাক ও মুখে ধোঁয়া লাগে।’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আবাসিক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মাটির চুলায় রান্না করছেন একজন গৃহিণী। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উচালিয়াপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

সরাইল উপজেলার উচালিয়াপাড়ার সাজেদা বেগম প্রথম আলোকে বলেন, ‘গ্যাস বন্ধ থাকায় মাটির চুলা তৈরি করেছি, নতুবা ছেলেমেয়েরা খাবে কী? দোকান থেকে কিনে আনলে টাকাও বেশি লাগবে। একটু কষ্ট হচ্ছে। কিন্তু সন্তানদের কথা চিন্তা করে মাটির চুলায় রান্না করছি।’

সরাইল বিকেল বাজারের বনরূপা মিষ্টান্ন ভান্ডারের সংকর চন্দ্র দাস বলেন, ‘মঙ্গলবার থেকে দোকানে গ্যাস নাই। মিষ্টি, জিলাপি, লাড্ডু, সন্দেশ ও দই কিছুই বানাইতে পারছি না।’

তবে বাণিজ্যিক লাইনের বেশির ভাগ গ্রাহকই আগে থেকে বিকল্প ব্যবস্থা করে দেখেছেন। সদর উপজেলার ঘাটুরা ও সরাইলের বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর, হাটবাজার, চায়ের দোকান ও শহরের বাসিন্দারা বাজার থেকে কেরোসিনের স্টোভ চুলা, ইলেকট্রিক ও মাটির চুলা, রাইস কুকারসহ বিভিন্ন পণ্যসামগ্রী কিনে রেখেছেন।

আজ বুধবার সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়ার মেসার্স খাজা গরিবে নেওয়াজ সিএনজি ফিলিং স্টেশন ও বিশ্বরোডের সাফকো সিএনজি রিফুয়েলিং ফিলিং স্টেশনে গিয়ে কোনো যানবাহন দেখা যায়নি। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যানবাহনগুলো এসেই ফিরে যাচ্ছে। সরাইলের সোপান সিএনজি ফিলিং স্টেশন ও ফাহাদ ফিলিং স্টেশনেও গ্যাস সরবরাহ বন্ধ আছে।
বাংলাদেশ সিএনজি পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফাহাদ ফিলিং স্টেশনের মালিক ফারহান নূর আজ বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, পাইপলাইন বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ বন্ধ আছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কোনো গ্যাস নেই।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে গ্যাসলাইন স্থানান্তরের জন্য গতকাল থেকে তিন দিন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা থেকে সরাইল উপজেলা পর্যন্ত আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত সাড়ে চার হাজার আবাসিক গ্রাহক ও ২০০ থেকে ২৫০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।