মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছ। গণতন্ত্র ফিরে আসছে সেটা অনুভব করছি।’ আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের কাট্টলি মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেকোনো ক্রান্তিলগ্নে, কঠিন সময়ে, দুঃসময়ে, বাংলাদেশের জনগণ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখেছে। সংকট উত্তরণের জন্যই তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের ওপরে আস্থা রেখেছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি বারবার সংকট থেকে এ দেশের উত্তরণ ঘটিয়েছে। জনগণ চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিক, সরকার গঠন করুক। দেশের এই সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলছেন, বারবার তা বাস্তবায়নের দিকে যেন আমরা যেতে পারি।’
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক) আসনের ভোটার।