মেঘনা উপজেলা আ.লীগের সভাপতি শফিকুল, সম্পাদক সাইফুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিকুল আলম (বাঁয়ে) ও সাইফুল্লাহ মিয়া
ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল আলম আবারও সভাপতি এবং মেঘনা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া ওরফে রতন শিকদার আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. আবদুস সালাম সভাপতি প্রার্থী এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান সালাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মজিবুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমা আক্তার সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করায় কাউন্সিলদের ভোট ছাড়াই মো. শফিকুল আলম সভাপতি ও রতন শিকদার সাধারণ সম্পাদক হন।

এর আগে আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মো. শফিকুল আলমের সভাপতিত্বে ও সাইফুল্লাহ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. রওশন আলী মাস্টার, সহসভাপতি আবদুল মান্নান, সহসভাপতি শেখ আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার প্রমুখ।

এর আগে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১২ সালের ১২ ডিসেম্বর।