নোয়াখালীতে ধানের শীষের নারী কর্মীকে পিটিয়ে আহত, যুবদল নেতাকে ছুরিকাঘাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় ধানের শীষের এক নারী কর্মীসহ দুজন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার ছিদ্দিক বাজার ও হাতিয়া উপজেলার শিউলী একরাম বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন সুবর্ণচরের থানার হাট এলাকার বাসিন্দা তানিয়া আক্তার (২৮) ও হাতিয়ার চানন্দি ইউনিয়ন যুবদলের সদস্য জসিম উদ্দিন (৩২)। তাঁদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহানের মিডিয়া সমন্বয়ক জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় সুবর্ণচরের আল আমিন বাজার থেকে থানারহাটে গ্রামের বাড়ি যাওয়ার পথে ধানের শীষের নারী কর্মী তানিয়া আক্তারকে একদল দুর্বৃত্ত পিটিয়ে মারাত্মকভাবে আহত করে সড়কের পাশে খালে ফেলে পালিয়ে যায়। একইভাবে নোয়াখালী-৬ আসনের শিউলী একরাম বাজারে ইউনিয়ন যুবদলের সদস্য জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে কয়েকজন দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তবে ধানের শীষের কোনো নারী কর্মীকে মারধরের অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপর দিকে হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিউলী একরাম বাজারে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।