ময়মনসিংহে নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

লাশপ্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় নিজ বাড়িতে রাহিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত গৃহবধূর মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। নিহত রাহিমা খাতুন গাংগাটিয়া মধ্যপাড়া এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী। বিল্লাল পেশায় লেপ-তোশকের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় রাহিমা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফেরেন। রাত আটটার দিকে ছেলে রাহাত হোসেন (৭) ও মেয়ে সুমাইয়া আক্তারকে (১৫) খাওয়ানোর পর পাশের কক্ষে শুইয়ে দেন। স্বামী প্রতিদিন রাতে দেরিতে বাড়ি ফেরেন। এ কারণে তিনি দরজা বন্ধ না করে নিজ কক্ষে শুয়ে ঘুমিয়ে পড়েন। এরপর কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, রাহিমাকে হত্যার পর লাশ সরানোর চেষ্টা করা হয়। তখন শব্দ শুনে নিহত গৃহবধূর মেয়ে বাইরে এসে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে বলে আশপাশের লোকজনের ভাষ্য। পরে খবর পেয়ে তাঁর স্বামী বাড়িতে আসেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে। কী কারণে ওই নারীকে হত্যা করা হলো, তা বের করতে কাজ চলছে। নিহত নারীর মেয়েকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ আজ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।