বরিশালে ঈদে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

বরিশালে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে দুই শিশু। আজ মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩) এবং আগৈলঝাড়া উপজেলার গোয়াইল গ্রামের প্রবাসী বাহাদুর মৃধার ছেলে মোহাম্মদ মৃধা (৩)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

পরিবার জানিয়েছে, ঈদের আগের দিন পরিবারের সঙ্গে পূর্ব ডুমুরিয়া গ্রামে দাদা মোশাররফ হাওলাদারের বাড়ি বেড়াতে আসে শিশু রমজান। একই দিন পরিবারসহ নানাবাড়ি বেড়াতে আসে মোহাম্মদ মৃধা। আজ সকালে তারা খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা আশপাশে তাদের খুঁজে না পেয়ে পুকুরপাড়ে যান। পরে পানি থেকে দুই শিশুকে উদ্ধার করে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কাবিরা বানী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।