ফরিদপুর শহরে একই সময়ে কাছাকাছি দূরত্বে ছয়টি সমাবেশ ডাকল পৌর আওয়ামী লীগের দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরে একই সময়ে কাছাকাছি দূরত্বে বিবদমান পৌর আওয়ামী লীগের দুটি পক্ষের উদ্যোগে পৃথকভাবে ছয়টি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দেশব্যাপী বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশগুলো আহ্বান করা হয়েছে।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান–সমর্থিত অংশ বিকেল চারটায় শহরের ব্রাহ্মসমাজ সড়কে প্রথমে সমাবেশ আহ্বান করে। এ উপলক্ষে সড়কের প্রস্থের ছয় ভাগের পাঁচ ভাগজুড়ে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে শনিবার সকাল থেকেই।

অন্যদিকে পৌর আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সহিদউদ্দিন আহমেদ–সমর্থিত অংশ ব্রাহ্মসমাজ সড়ক থেকে আনুমানিক ১০০ মিটার দূরে অম্বিকা ময়দানে আকস্মিকভাবে একই দাবিতে সমাবেশ ডেকেছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সমাবেশের ডাক দেওয়া হয়। এ জন্য শহরে মাইকিং করা হচ্ছে।

পাশাপাশি যুগ্ম আহ্বায়ক সহিদউদ্দিন–সমর্থিত অংশের পক্ষে কাছাকাছি জায়গায় পৃথক ব্যানারে আরও চারটি সমাবেশ ডাকা হয়েছে। এর মধ্যে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে পৌর স্বেচ্ছাসেবক লীগের নামে, এর পাশে তিন রাস্তার মোড়ে চাঁদনী বিউটি পারলারের পাশে পৌর যুব মহিলা আওয়ামী লীগের নামে, ফরিদপুর প্রেসক্লাব চত্বরে পৌর শ্রমিক লীগের নামে এবং জনতা ব্যাংকের মোড়ে পৌর মহিলা আওয়ামী লীগের নামে সমাবেশ আহ্বান করা হয়েছে।

পৌর আওয়ামী লীগের একাংশের নেতা যুগ্ম আহ্বায়ক সহিদউদ্দিন বলেন, ‘আমরা দেশব্যাপী বিএনপির নৈরাজ্য সন্ত্রাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্থানীয় অম্বিকা ময়দানসহ শহরের বিভিন্ন জায়গায় এ সমাবেশগুলো আহ্বান করেছি।’

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান–সমর্থিত অংশের নেতা পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বলেন, ‘আমরা এ সমাবেশ কয়েক দিন আগেই আহ্বান করি। শনিবার সন্ধ্যা থেকে মাইকিং থেকে জানতে পারি, অপর অংশ উদ্দেশ্যমূলকভাবে অম্বিকা ময়দানে একই সময় ও একই দাবিতে সমাবেশ ডেকেছে। পাশাপাশি তাঁদের উদ্যোগে আরও চারটি জায়গায় সমাবেশ আহ্বান করা হয়েছে। এতে আমাদের সমাবেশের কোনো সমস্যা হবে না। কেননা, ব্রাহ্মসমাজ সড়কে আহূত সমাবেশে যে পরিমাণ লোক উপস্থিত হবে, তা ওদের ভাবনারও বাইরে।’

একই দিনে একই সময়ে কাছাকাছি জায়গায় ছয়টি সমাবেশ ডাকার বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, এই ছোট শহরে কাছাকাছি জায়গায় একই সময়ে ছয়টি সমাবেশ হওয়ার সুযোগ নেই।