শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের পাশে টিলায় অগ্নিকাণ্ড
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে টিলার প্রায় চার বিঘা জমির শুকনা আগাছা পুড়ে ছাই হয়ে গেছে। পরে টিলার পাশের ছাত্র হলের শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মীরা মিলে পানি ছিটিয়ে আগুন নেভান। আজ শুক্রবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পেছন দিকের টিলায় আগুন ও ধোঁয়া দেখতে পান শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা এগিয়ে গিয়ে শিক্ষার্থীসহ ৩০-৩৫ জন মিলে আগুন নেভান। এরই মধ্যে খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. বেলাল হেসেন বলেন, আগাছা শুকনা থাকায় কোনো কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, বহিরাগত কারও ফেলে রাখা সিগারেট থেকে কিংবা অন্য কোনোভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে হল কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। বিষয়টি ক্যাম্পাসে থাকা পুলিশ ক্যাম্পের সদস্যদের জানানো হয়েছে।