শিক্ষা কর্মকর্তার সাক্ষাৎকার
রাজশাহীতে বাল্যবিবাহেই ঝরে পড়ে ২০ শতাংশ শিক্ষার্থী
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় ২০১৫ সালে ৪৬ হাজার ৩২৪ শিক্ষার্থী পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়) উত্তীর্ণ হয়েছিল। এই ব্যাচের শিক্ষার্থীরা ২০১৮ সালে জেএসসি পরীক্ষায় বসতে বসতেই তাদের মধ্যে থেকে ৭ হাজার ৭ জন শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে। পরীক্ষা দেয় ৩৯ হাজার ৩১৭ জন শিক্ষার্থী। ২০২১ সালে তারা এসএসসি পরীক্ষা দেয়। এই পরীক্ষার সময় আরও ৬ হাজার শিক্ষার্থী ঝরে পড়ে। এতে পাঁচ বছরে জেলায় ১৩ হাজার ৭ শিক্ষার্থী ঝরে পড়ে, যা মোট শিক্ষার্থীর ২৮ দশমিক শূন্য ৭ শতাংশ। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: গত পাঁচ বছরে রাজশাহী জেলায় পঞ্চম শ্রেণি থেকে এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত ২৮ শতাংশ শিক্ষার্থী ঝরে গেছে। কেন এমনটি হচ্ছে?
মো. নাসির উদ্দিন: ২৮ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে কি না, এই মর্মে আমাদের কাছে তেমন কোনো জরিপ নেই। তবে প্রাথমিক জরিপ তথা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যে প্রতিবেদন পেয়েছি, তাতে ২০ শতাংশের ওপরে বাল্যবিবাহ হয়েছে।
প্রশ্ন :
প্রথম আলো: এতে করোনার কোনো প্রভাব পড়েছে বলে মনে করেন?
মো. নাসির উদ্দিন: প্রতিবছরই কমবেশি শিক্ষার্থী ঝরে পড়ে। তবে করোনাকালে বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে বাল্যবিবাহের কারণে। পাশাপাশি অন্যান্য কারণও ছিল।
প্রশ্ন :
প্রথম আলো: এই পরিস্থিতির জন্য অভিভাবকেরা কতটুকু দায়ী বলে আপনি মনে করেন?
নাসির উদ্দিন: বাল্যবিবাহের কারণে শিক্ষার্থী ঝরে যাওয়ার ব্যাপারটি মূলত অভিভাবকের ইচ্ছাতেই হয়েছে। এর দায় পুরোটাই অভিভাবকদের ঘাড়ে যায়।
প্রশ্ন :
প্রথম আলো: এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সম্ভাবনা দেখছেন?
নাসির উদ্দিন: এই পরিস্থিতি থেকে উত্তরণে অভিভাবকদের সচেতনতার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রচার-প্রচারণার প্রয়োজন। বিদ্যালয়ে সমাবেশ, প্রয়োজনে অভিভাবকদের নিয়ে সমাবেশ করতে হবে। প্রণোদনা হিসেবে উপবৃত্তির পাশাপাশি মিডডে মিল চালুর ব্যবস্থা করা যেতে পারে।
প্রশ্ন :
প্রথম আলো: এ ক্ষেত্রে শিক্ষকেরা কী ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন?
নাসির উদ্দিন: এই দুর্বলতা কাটিয়ে উঠতে শ্রেণি পাঠদানের পাশাপাশি ফ্রি প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করার প্রয়োজনীয়তা রয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের উদ্যোগ থাকতে হবে। তবে মুখ্য ভূমিকা শিক্ষকদেরই পালন করতে হবে।
প্রশ্ন :
প্রথম আলো: আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন?
নাসির উদ্দিন: আমরা প্রধান শিক্ষকদের নিয়ে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, শ্রেণিকক্ষে মোটিভেশনসহ মনিটরিং জোরদার করেছি।