শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় প্রাণ হারালেন বৃদ্ধা
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, তাঁর বয়স ৬৫ বছর।
প্রত্যক্ষদর্শী জৈনাবাজার এলাকার আবদুর রাজ্জাক বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে ওই নারী দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে তিনি সড়ক পার হয়ে পশ্চিম দিকে যেতে থাকেন। ঢাকাগামী লেনের মাঝামাঝি পৌঁছালে একটি পিকআপ ভ্যান দ্রুত এসে তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কণ কুমার জানান, জৈনাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়। ওই নারীর পরিচয় মেলেনি। মরদেহ পুলিশি হেফাজতে আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।