চুরি হওয়া অটোরিকশা ফিরে পাননি, উপহার পেলেন নতুন অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপহারের অটোরিকশাটি পেয়ে খুশি লালপুরের রহিমপুরের বাসিন্দা সাজদার হোসেন। আজ দুপুরে
ছবি: প্রথম আলো

নাটোরের লালপুর থেকে চুরি হয়ে যাওয়া উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত অটোরিকশাটি দুই সপ্তাহেও ফিরে পাননি সাজদার হোসেন। তবে বগুড়ার একজন চিকিৎসক তাঁকে একটি নতুন অটোরিকশা কিনে দিয়েছেন। আজ শনিবার সকালে অটোরিকশাটি তাঁর কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

সাজদার হোসেন নাটোরের লালপুর উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা। গত ১৫ জুলাই সাজদার হোসেনের অটোরিকশা চুরির ঘটনা নিয়ে প্রথম আলো অনলাইন সংস্করণে ‘নামাজ শেষে ফিরে এসে দেখেন অটোরিকশাটি নেই, কান্না থামছেই না যুবকের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। চিকিৎসক নাজমুল ইসলাম প্রথম আলোর ওই প্রতিবেদন পড়ে তাঁকে অটোরিকশাটি কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন।

চিকিৎসক নাজমুল ইসলাম প্রথম আলোকে জানান, পত্রিকায় খবরটি পড়ে তিনি তাঁর কয়েকজন চিকিৎসক বন্ধুর সহযোগিতায় সাজদার হোসেনকে অটোরিকশা কিনে দেওয়ার উদ্যোগ নেন। চুরি হয়ে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পরও যখন পুলিশ অটোরিকশাটি উদ্ধার করতে পারে না, তখন তাঁরা অটোরিকশা কেনার তহবিল গঠন করেন। পরে ১ লাখ ৫৮ হাজার টাকা দিয়ে সাত আসনের ব্যাটারিচালিত অটোরিকশা কিনে তাঁর হাতে হস্তান্তর করা হয়েছে।

অটোরিকশাটি হাতে পেয়ে সাজদার হোসেন আনন্দে কাঁদেন। আজ দুপুরে তিনি বলেন, ‘চার সদস্যের অভাবী সংসারে ১ লাখ ৪০ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন। প্রতিদিন তাঁকে ১ হাজার ৫০০ টাকা করে কিস্তি পরিশোধ করতে হয়। ১৪ জুলাই অটোরিকশা তালা দিয়ে রেখে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে জুমার নামাজ পড়তে গেলে তাঁর অটোরিকশাটি চুরি হয়ে যায়। দুই সপ্তাহেও পুলিশ অটোরিকশাটি উদ্ধার করতে পারেনি। ফলে আমার ওপর ঋণের চাপ বাড়ছিল। আমি হতাশায় ভুগছিলাম। পত্রিকায় আমার ঘটনাটি প্রকাশের পর হঠাৎ একজন চিকিৎসক আমাকে ফোন করে অটোরিকশা কিনে দেওয়ার প্রস্তাব দেন। আমি তাতে রাজি হলে তিনি আমাকে নতুন একটা অটোরিকশা কিনে দিয়েছেন। এটা আমার অনেক উপকারে আসবে।’