ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ উদ্‌ঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং শাস্তির ধরন নির্ধারণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমানের সই করা পৃথক অফিস আদেশ ও বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেহেদী হাসান এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবদুর রউফ ও মোসাব্বির হোসেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার মূল কারণ উদ্‌ঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং শাস্তির ধরন নির্ধারণ করে চূড়ান্ত সুপারিশ দিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাসে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গত মঙ্গলবার অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল দুপুর ১২টায় প্রক্টর মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে প্রক্টরিয়াল বডি ও ছাত্র-উপদেষ্টার সমন্বয়ে আরেকটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসব সভার সিদ্ধান্তের ভিত্তিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার মূল কারণ উদ্‌ঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং শাস্তির ধরন নির্ধারণ করে চূড়ান্ত সুপারিশ দিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে খালেদা জিয়া হলের প্রভোস্ট এ এস এম আয়নুল হক আকন্দকে আহ্বায়ক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উপ-রেজিস্ট্রার সালাউদ্দিন মোল্লাকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা মামুন আল রশীদ, পরিবহন প্রশাসক শেখ মোহাম্মদ আবদুর রউফ ও সহকারী প্রক্টর জাকির হোসেন।