খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত
খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের যুবদলের এক নেতা আহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পারহাজীগ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রামিম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। তাঁদের বাড়ি পারহাজীগ্রামে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে ভ্যানে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম বিশ্বাস। বেলা সোয়া ১১টার দিকে সেনেরবাজার–মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এতে তাঁর পিঠে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি আছে।আবির সিদ্দিকী, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার
ঘটনার খবর পেয়ে তেরখাদা থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি আছে।