গাজীপুর সিটি করপোরেশন
মশার কামড়ে অতিষ্ঠ
মশার উপদ্রবের মধ্যে গাজীপুরে ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়েছে।
সন্ধ্যার পর মশার অত্যাচারের তাণ্ডব শুরু হয়, দিনের বেলায়ও নিস্তার নেই।
গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছায়াবীথি এলাকা। মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। সেখানকার বাসিন্দা ও কলেজ শিক্ষক আফসার উদ্দিন খান বলছিলেন, দিনের চেয়ে সন্ধ্যার পর মশার উৎপাত কয়েক গুণ বেশি। রাতের বেলায় মশার কয়েল জ্বালিয়ে নিস্তার পাওয়া যাচ্ছে না। এলাকার নালাগুলো পরিষ্কার করলে হয়তো মশা থেকে নিস্তার পাওয়া যেত।
জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকার মশার উপদ্রবের কথা জানিয়ে স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, জংশনের পাশে ময়লা–আবর্জনার ভাগাড় হয়ে আছে। এসব ময়লা–আবর্জনার কারণে মশার বিস্তারও অনেক বেশি। সন্ধ্যার পর মশার অত্যাচারের তাণ্ডব শুরু হয়, দিনের বেলায়ও নিস্তার নেই।
দিনের বেলায়ও অনেকে ঘরে মশারি টানিয়ে রাখছেন। সিটি করপোরেশন থেকে পর্যাপ্ত মশার ওষুধ দেওয়া হচ্ছে না।
গাজীপুর সিটি করপোরেশনে নেই পর্যাপ্ত নালা, নেই ময়লা–আবর্জনা ফেলার নির্ধারিত স্থান। যে যেখানে পারছেন, সেখানেই বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা–আবর্জনা ফেলা হচ্ছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। জমে থাকা পানি থেকে জন্ম নিচ্ছে মশা। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক থেকে শুরু করে কোথাও মশা থেকে নিস্তার নেই। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। অনেকেই দিনের বেলাতেও ঘরে মশারি টানিয়ে রাখছেন। গাজীপুর সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ড ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কাউন্সিলরদের দাবি, সিটি করপোরেশন থেকে পর্যাপ্ত মশার ওষুধ দেওয়া হচ্ছে না, যার কারণে তাঁরাও মশার ওষুধ ছিটাতে পারছে না। ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মিয়া বলেন, মাঝেমাধ্যে ওষুধ ছিটানো হয়। পর্যাপ্ত ওষুধ না পাওয়ায় অনেক দিন ধরে মশার ওষুধ ছিটানো হচ্ছে না। মশার উৎপাত বাড়ার বিষয়টি স্বীকার করে মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনজুর হোসেন বলেন, কয়েক মাস ধরে তাঁদের ওয়ার্ডের মশা ছিটানোর মেশিনটি নষ্ট হয়ে আছে। মেশিনটি মেরামত করে আবার ছিটানো হবে।
বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরীর আনাচকানাচ ময়লা–আবর্জনায় ভরপুর এবং ছোট-বড় অসংখ্য নালা। এসব নালায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির নোংরা পানি জমা থাকে। যেসব এলাকায় সিটি করপোরেশনের ড্রেনেজ–ব্যবস্থা রয়েছে, সেগুলোও অনেক দিন সংস্কার না করায় জমে থাকা পানিতে মশার উৎপত্তি হচ্ছে। এ ছাড়া সিটি করপোরেশন ময়লার ব্যবস্থাপনাও খুব দুর্বল। যেখানে–সেখানে ফেলা হচ্ছে বর্জ্য। মশারি টানিয়ে, কয়েল জ্বালিয়ে, ইলেকট্রিক ব্যাট কিংবা মশানাশক ওষুধ ছিটিয়েও সুফল পাচ্ছেন না নগরবাসী।
সকালে মশার উপদ্রব একটু কম থাকলেও বিকেল হতেই বেড়ে যায় মশার উৎপাত। মাশার কারণে নির্দিষ্ট স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা দায় হয়ে যায়। ভোগড়া এলাকার ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, সন্ধ্যার পর বাইরে কোথাও বসে গল্পগুজব করার অবস্থা থাকে না। মশার যন্ত্রণায় বাধ্য হয়ে ঘরে বসে থাকতে হয়। বছরের পর বছর ধরে সিটি করপোরেশনের কর দিয়েও ন্যূনতম সেবাও মিলছে না।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মশকনিধন কার্যক্রমের জন্য ২০১৭-১৮ অর্থবছরে সিটি করপোরেশনের ব্যয় দেখানো হয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৬১৬ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে এই ব্যয় দেখানো হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০ টাকা। গত ২০২০-২১ অর্থবছরে দেড় কোটি এবং ২০২১-২২ অর্থবছরে মশকনিধন কার্যক্রমের জন্য তিন কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। ২০২২-২৩ অর্থবছরে একই বাজেট রাখা হয়।
সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, ওয়ার্ডগুলোতে মশকনিধনের কার্যক্রম রয়েছে বিচ্ছিন্নভাবে। যার কারণে মশার ওষুধ কোনো কাছে আসছে না। সঠিকভাবে নিধন করতে হলে একযোগে মশার ওষুধ ছিটানোর কাজ করতে হবে। হাতলে হয়তো সুফল পাওয়া সম্ভব।
মশার উপদ্রবের মধ্যে গাজীপুরে ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়েছে। জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান প্রথম আলোকে জানান, গত জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত গাজীপুরে ১ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকারই বেশি।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান প্রথম আলোকে বলেন, গত জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত গাজীপুরে ১ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন তিনজন। এ পর্যন্ত ডেঙ্গুতে গাজীপুরে কোনো মৃত্যু হয়নি। আক্রান্ত রোগীদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকার রোগীই বেশি।