হঠাৎ ব্রেক করল বাস, দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ে একজন নিহত
মাদারীপুরের শিবচর উপজেলায় ছিটকে বাসের দরজা দিয়ে বাইরে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পদ্মা সেতু-সংলগ্ন এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরে।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটির সামনে (ইঞ্জিন কাভার) বসে ছিলেন সাত্তার হাওলাদার। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে বাসটি পাঁচ্চর এলাকা পার হয়ে সীমানা নামক স্থানে পৌঁছালে হঠাৎ ব্রেক কষেন চালক। এ সময় সাত্তার ছিটকে বাসের দরজা দিয়ে বাইরে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় সাত্তারকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ করে জোরে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে ওই ব্যক্তি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।