চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন
৭৫ কেন্দ্রে ভোট পড়েছে ১০ শতাংশের কম
দুটি কেন্দ্রের ভোট ২ শতাংশের কম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাত ছাড়া ভোট গ্রহণের ক্ষেত্রে ইসির খরচ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের হামিদচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ৬৬৩ জন। নারী ভোটারদের কেন্দ্র এটি। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে সাকল্যে ভোট পড়েছে ৬২টি। এর ৬১টিই পেয়েছে নৌকা। বাকি একটি ভোট পান ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী কামাল পাশা। ভোটের হার ২ শতাংশের কম—১ দশমিক ৬৯।
এ ছাড়া মোহরার নারী ভোটারদের আরেক কেন্দ্র এ এল খান উচ্চবিদ্যালয়েও ভোট পড়েছে ১ দশমিক ৮৮ শতাংশ। এখানে মোট ভোটার ২ হাজার ৯২৪ জন। এই কেন্দ্রে সারা দিনে ভোট পড়েছে ৫৫টি।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে এই দুটি কেন্দ্রে। এ ছাড়া ২১টি কেন্দ্রে ২ থেকে ৫ শতাংশ ভোট পড়েছে। ৫ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের কম ভোট পড়েছে ৫২টি কেন্দ্রে। সেই হিসাবে মোট ৭৫টি কেন্দ্রে ১০ শতাংশের নিচে ভোট পড়েছে। এসব কেন্দ্র শহরের অংশ, অর্থাৎ চান্দগাঁও-পাঁচলাইশের। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আসনটির উপনির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল পর্যালোচনা করে এ চিত্র পাওয়া যায়।
নির্বাচন কমিশনের হিসাবে, সব কেন্দ্র মিলে ভোটের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ, অর্থাৎ মোট পড়েছে ৭৫ হাজার ৩০৫। এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাত ছাড়া ভোট গ্রহণের ক্ষেত্রে কমিশনের খরচ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। এর মধ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের পারিশ্রমিক, প্রশিক্ষণ, কেন্দ্র খরচ, গাড়িভাড়া, ইভিএম, কালি–কলম ইত্যাদি রয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ওই আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। চট্টগ্রাম নগরের পাঁচটি ওয়ার্ড ও বোয়ালখালী উপজেলা নিয়ে এই সংসদীয় আসন। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন পাঁচজন। এর মধ্যে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। বাকি চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
নগরের কেন্দ্রে ভোটার কম
সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (স্কুল ভবন) নারী কেন্দ্রের ৩ হাজার ৩২০টি ভোটের মধ্যে ৯২ জন ভোট দিয়েছেন। নির্বাচনের দিন (বৃহস্পতিবার) এই কেন্দ্রের সামনে দুই ঘণ্টা অবস্থান করে দেখা যায়, ভোটারের উপস্থিতি একেবারে নগণ্য। অথচ কেন্দ্রের বাইরে অনেক নেতা-কর্মীর উপস্থিতি ছিল সারা দিন। এই কেন্দ্রে ভোটের হার ২ দশমিক ৭৭।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুমন কুমার দে প্রথম আলোকে বলেন, প্রথম ২ ঘণ্টায় ভোট গ্রহণ হয়েছিল ১০টি। পরে শেষ পর্যন্ত দাঁড়ায় ৯২টি।
কম ভোট পড়া কেন্দ্রগুলো চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকার। এ বিষয়ে চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল আলম বলেন, ‘আমার এখানে অনেক পোশাকশ্রমিক রয়েছেন। তাঁরা এখনো বাড়ি থেকে ফেরেননি। এ ছাড়া নারীদের মধ্যে ভোটের প্রতি অনাগ্রহ ছিল। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুর্বল হওয়ায় ভোট কম পড়েছে।’
১৯০টি কেন্দ্রের মধ্যে বোয়ালখালীর ৭৮টিতে ভোট পড়েছে ৪৫ হাজার ৪৬২টি। ভোটের হার ২৪–এর বেশি। নগরের ১১২ কেন্দ্রে ৯ শতাংশ হারে ভোট পড়েছে ২৯ হাজার ৮৪৩টি।
আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরে ভোটার কম হওয়ার কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে উপনির্বাচনে মানুষের আগ্রহ কম। এ ছাড়া ঈদের ছুটিতে অনেকে এখনো বাড়ি থেকে ফেরেননি। ভাসমান অনেকে ঠিকানা পরিবর্তন করেছেন।
৪ জনের জামানত বাজেয়াপ্ত
নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নোমান আল মাহমুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি প্রতীক)। তিনি পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট। প্রাপ্ত ভোটের এক–অষ্টমাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। প্রাপ্ত ভোটের এক–অষ্টমাংশ দাঁড়ায় ৯ হাজার ৪১৩ ভোট।
সেই হিসাবে চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্টের এস এম ফরিদ উদ্দীন, আম প্রতীকে এনপিপির কামাল পাশা ও একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর জামানত বাজেয়াপ্ত হয়।
জানতে চাইলে সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ বলেন, ‘এটি একটি অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। কেন্দ্র দখল করে ভোট নিয়েছে। গোপন কক্ষে তাদের লোক ছিল। শহরে ২ থেকে ৩ শতাংশ এবং গ্রামে সর্বোচ্চ ৭ শতাংশ ভোট পড়েছে। কিন্তু ভোটের হার বলছে ১৪ শতাংশ। এত ভোট কোথা থেকে এল?’
অভিযোগ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘গোপন কক্ষে লোক আমরা দেখিনি। তবে ভোটার কম হয়েছে। এর আগে ২০২০ সালে একই আসনের উপনির্বাচনে ভোট পড়েছিল ২২ শতাংশ।’
এটা গণতন্ত্রের জন্য সুখকর নয় বলে উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্র হচ্ছে জনগণের সম্মতি জ্ঞাপন। ১৪ শতাংশ জনগণ ভোট দিয়ে তাঁদের সম্মতি জ্ঞাপন করেছেন। তা–ও কিছু কেন্দ্রে চাপাচাপি করে এসেছে। বাকি ৮৬ শতাংশ মানুষ অনাস্থা দিয়েছেন এই নির্বাচনে। এটা হচ্ছে এই নির্বাচনপ্রক্রিয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি অনাস্থা। সত্যিকার অর্থে যদি সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রক্রিয়ায় পরিবর্তন দরকার।