নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ হাসপাতালেছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের দেলোয়ার মৃধা (৩৫) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মো. রানা (২২)। দেলোয়ার পেশায় রাজমিস্ত্রি এবং রানা তাঁর সহকারী হিসেবে কাজ করতেন। তাঁরা ফতুল্লায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ আগে নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের কাজ হয়। আজ দুপুরে সেন্টারিংয়ের কাঠ খুলতে ট্যাংকের ভেতরে নামেন দেলোয়ার। পরে তাঁর কোনো সাড়া না পেয়ে রানা ভেতরে নামেন। ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে দুজনই অচেতন হয়ে পড়েন। অন্য শ্রমিকেরা ভেতরে না নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁদের উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান প্রথম আলোকে জানান, দুই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।