সরকার একটি পক্ষ হলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয় না: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বাংলাদেশে বর্তমানে নির্বাচনগুলো সম্পর্কে সাধারণ মানুষের আস্থা নেই বললেই চলে। আমি যতটুকু দেখেছি, নির্বাচনে সঠিকভাবে জনগণের প্রত্যাশা বা জনমতের প্রতিফলন হচ্ছে না। এ কারণে আজকাল ভোট নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে অনেকটা অনীহা দেখা যাচ্ছে।’

আজ বৃহস্পতিবার সকালে রংপুরে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁর ছোট ভাই ও দলের প্রধান জি এম কাদের এসব কথা বলেন।

দেশের রাজনীতি বিরাজনৈতিকীকরণ হয়ে গেছে—এ মন্তব্য করে জি এম কাদের বলেন, ‘এটা আমাদের দেশের জন্য কখনোই মঙ্গলজনক নয়। জনগণ নির্বাচনবিমুখ হয়েছে। বলতে গেলে রাজনীতিবিমুখ হয়েছে। স্বাধীনতাযুদ্ধের মূল চেতনা—দেশের মালিক হবেন জনগণ। এটি আমার মনে হয় বাস্তবায়ন হচ্ছে না। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’

ভারতের সংবিধানের উদাহরণ দিয়ে জি এম কাদের বলেন, ‘ভারতে সংবিধান মেনে সুন্দর নির্বাচন হচ্ছে। কিন্তু আমাদের দেশে সংবিধান মেনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। সরকার সবকিছু কুক্ষিগত করে রেখেছে। সরকার যখন পক্ষ হয়, তখন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয় না। সরকারের পক্ষপাতিত্ব দেখা যায়।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তারা, এমনকি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সরাসরি সরকার দলীয় মানুষ হিসেবে কাজ করে। সেই পরিপ্রেক্ষিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আমরা মনে করি, সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। সবাইকে মিলে বসে সমাধান বের করতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সামনে নির্বাচনের পরিবেশ বুঝে তাঁর দল সিদ্ধান্ত নেবে। জাতীয় পার্টি সুযোগ নেওয়ার রাজনীতি করে না বলে তিনি মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ।