বিএনপির পদযাত্রা থেকে ফেরার পথে ফেনীতে ৩ জনকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলার মানচিত্র

ফেনীর সোনাগাজী উপজেলায় বিএনপির দুই নেতা-কর্মীসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজন নোয়াখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদযাত্রা থেকে ফিরছিলেন। উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত বিএনপি নেতা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরসাহাভিকারী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলা তাঁতি দলের সদস্য নুরুল আলম, তাঁর মা রেশমা বেগম ও বিএনপির কর্মী কামাল উদ্দিন। তাঁরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

নুরুল আলম প্রথম আলোকে বলেন, দক্ষিণ চরসাহাভিকারী এলাকায় তাঁরা পাঁচ থেকে ছয়জন যুবক একসঙ্গে চলাফেরা করেন। স্থানীয় ইউপির সদস্য দেলোয়ার হোসেন তাঁদের প্রায়ই তাঁর পক্ষ হয়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন সভা-সমাবেশে যাওয়ার জন্য বলেন। পবিত্র ঈদুল আজহার পরদিন আওয়ামী লীগের এক নেতা জমাদার বাজার, কারামতিয়া বাজারসহ চরসাহাভিকারী এলাকায় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন। সে সময় ইউপি সদস্য দেলোয়ার তাঁদের তাঁর সঙ্গে থাকতে বলেন। কিন্তু তাঁরা দেলোয়ারের কথা না শোনায় তাঁদের দেখে নেওয়াসহ এলাকাছাড়া করার হুমকি দেন তিনি।

তাঁতি দলের নেতা নুরুল আলম অভিযোগ করেন, গতকাল নোয়াখালীতে বিএনপি সমাবেশে যাওয়াকে কেন্দ্র করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দক্ষিণ চরসাহাভিকারী এলাকায় বাড়ির সামনে নুরুলের পথ আটকান দেলোয়ার হোসেন, আনিসুল হক, মো. মামুনসহ স্থানীয় পাঁচ থেকে ছয়জন ব্যক্তি। তাঁরা তাঁকে ও বিএনপিকর্মী কামালকে লোহার রড, লাঠিসোঁটা ও বিদ্যুতের তার দিয়ে পিটিয়ে আহত করেন। তাঁদের চিৎকার শুনে বাড়ি থেকে নুরুল আলমের মা রেশমা বেগম ছেলেকে বাঁচাতে ছুটে এলে দুর্বৃত্তরা তাঁকেও পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত রেশমা বেগম বলেন, দেলোয়ার হোসেন মেম্বরের নির্দেশে সন্ত্রাসীরা পেটানোর সময় তাঁর ছেলেকে মাদক সেবনকারী বলে চালিয়ে দিতে ভিডিও ধারণ করেছে। তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

ইউপি সদস্য দেলোয়ার হোসেন হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে স্থানীয় লোকজন দুই মাদকসেবীকে আটক করে মারধর করেছিল। তিনি শুনে ঘটনাস্থলে গিয়ে ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে সামাজিকভাবে বিচার করে তাঁদের ছেড়ে দিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।