বেগমগঞ্জে ভোররাতে আগুনে পুড়ল আটটি মুদিদোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি দোকান। আজ শুক্রবার সকালে নোয়াখালীর বেগমঞ্জ উপজেলার চৌমুহনীতে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আটটি মুদিদোকান আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার চৌমুহনী দক্ষিণ বাজারের আলোকপোট্টির কবুতরহাট এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোররাত রাত চারটার দিকে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চৌমুহনী ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আটটি মুদিদোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস চৌমুহনী স্টেশনের কর্মকর্তা শাহ ইমরান খান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, চৌমুহনী শহরের অধিকাংশ পুকুর বেদখল হয়ে যাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। মসজিদ মার্কেটের একটি পুকুর এখন একমাত্র ভরসা। আজকেও যদি সে পুকুরের পানি ব্যবহার  করা না যেত, তবে চৌমুহনী বাজারের বিশাল এলাকা আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।