নড়াইলে ডাকা বাস ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার
নড়াইল শহরে মহাসড়কে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির অভিযোগে আটক দুই শ্রমিকের মুক্তির দাবিতে ডাকা বাস ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে নড়াইল-যশোরসহ আটটি রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। এ ধর্মঘটের কারণে বাসযাত্রীরা ভোগান্তি পোহান। রাতে পুলিশের সঙ্গে বৈঠকের পর ওই ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক বলেন, ‘আজ রাতে পুলিশের সঙ্গে বৈঠকের পর আটক দুই শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের কর্মসূচি প্রত্যহার করেছি। আগামীকাল সকাল থেকে সব রুটে বাস চলাচল করবে।’
পুলিশ ও পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, যশোর-নড়াইল মহাসড়কে বাস টার্মিনালের সামনে দাঁড়িয়ে পরিবহনশ্রমিকেরা প্রতি পরিবহন থেকে ২০০ টাকা করে চাঁদা তোলেন। এর মধ্যে পরিবহন মালিক সমিতির ১০০, শ্রমিক ইউনিয়ন ৫০ ও নড়াইল পৌরসভার নামে ৫০ টাকার রসিদ ধরিয়ে দেওয়া হয়।
যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ খোকন বিশ্বাস (৫০) ও শাকিব (১৭) নামের দুই শ্রমিককে আটক করে। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে মালিক ও শ্রমিকেরা হঠাৎ ধর্মঘটের ডাক দেন। এতে যাত্রীবাহী বাস চলানো বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে নড়াইল ডিবি পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, নড়াইল বাস টার্মিনালের সামনে প্রকাশ্যে বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে গাড়িপ্রতি ২০০ টাকা করে চাঁদা তোলার অভিযোগে দুই শ্রমিককে আটক করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ, রাস্তায় দাঁড়িয়ে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন বলেন, ‘দুস্থ শ্রমিকদের কল্যাণে পরিবহন থেকে ১০০ টাকা করে নেওয়া হয়। এটা চাঁদাবাজি না। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় এমনভাবে টাকা তোলা হয়। আমরা আমাদের শ্রমিক ভাইদের মুক্তির দাবিতে ধর্মঘট পালন করছি।’
নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকেরা দুর্ঘটনার শিকার হলে বা কেউ মারা গেলে আমরা সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। তাঁদের কল্যাণে নিয়মনীতি মেনে শ্রমিক ইউনিয়ন নিজেদের সমিতিতে অনুদান ও পৌর টোল দিয়ে থাকে। এভাবেই টাকা তোলা হয়। এতে পরিবহন মালিক বা শ্রমিক ইউনিয়নের কোনো অভিযোগ নেই। তবুও পুলিশ আমাদের লোক ধরে নিয়ে গেছে। এর সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’