কেরানীগঞ্জে বিএনপির ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে বিএনপির ৩১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। গতকাল শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের ছাগলাকান্দি এলাকার সোহরাব হোসেন (৩০) নামের এক ব্যক্তি কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি করেন।
মামলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে চুরি ও লুটপাটের অভিযোগও আনা হয়েছে। মামলার পর শুক্রবার রাতে থানার পুলিশ মধ্যেরচর এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি শাক্তা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহাদাত হোসেন (২৮) ও ১৭ নম্বর আসামি একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাজু মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান বলেন, ‘আমাদের নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পুলিশের গ্রেপ্তার আতঙ্কে অনেক নেতা-কর্মী বাড়িছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা জেলা বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীরা কেরানীগঞ্জের ওয়াশপুর এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যানবাহনের পথ রোধ করে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা মো. বাবুর (২৯) ব্যাটারিচালিত অটোরিকশায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে চালকসহ সেখানে উপস্থিত পথচারীদের লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। এ ঘটনায় মামলার বাদী সোহরাব হোসেন প্রতিবাদ করতে গেলে তাঁকেও এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়া হয়। এ সময় সোহরাবের পকেটে থাকা নগদ ২৫ হাজার ৭০০ টাকা, গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা।
বাদী এজাহারে আরও উল্লেখ করেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা পুলিশ সদস্য ও তাঁর দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তাঁরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান। ইট ও ককটেলের স্প্লিন্টারে বাদীসহ কয়েকজন আহত হন।
ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলাটি গায়েবি ও ভিত্তিহীন। বিএনপির আন্দোলন বাধাগ্রস্ত করতে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তবে ভুয়া মামলা করে তাঁদের দমানো যাবে না। রাজপথে আন্দোলন চলবে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেন, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।