মহেশখালীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে অটোরিকশার যাত্রী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলি
প্রতীকী ছবি: রয়টার্স

কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই অটোরকিশার এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা-মাতারবাড়ী সড়কের ধারাখালের পূর্ব দিকে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ ওই যাত্রীর নাম আজিজুল হক (৪০)। তিনি উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। আজিজুল হককে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা চকরিয়ার বদরখালী স্টেশন থেকে মাতারবাড়ীতে যাচ্ছিল। অটোরিকশাটি উত্তর নলবিলা-মাতারবাড়ী সড়কের ধারাখালের পূর্ব দিকে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে ধাওয়া করে। কিন্তু অটোরিকশাটি থামাতে না পেরে দুর্বৃত্তদের মধ্যে একজন একটি গুলি ছোড়েন। এ সময় অটোরিকশার যাত্রী আজিজুল হক গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান মহেশখালীর মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাসান মাহমুদ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।