রায়পুরায় দুই ইউনিয়নে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ও চরসুবুদ্ধি ইউনিয়নে খাল ও পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ও দুপুরে চরসুবুদ্ধির মোদাফতপাড়া ও শ্রীনগরের ভেলুয়ারচর গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।
মারা যাওয়া দুই শিশুর নাম মুস্তাকিম (৩) ও আহাদ মিয়া (৯)। মুস্তাকিম চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের সৌদিপ্রবাসী কবির মিয়ার ছেলে এবং আহাদ মিয়া মোদাফতপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে শ্রীনগরের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, মুস্তাকিম তাঁর মায়ের সঙ্গে নানার বাড়ি শ্রীনগরের ভেলুয়ারচরে বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে সে তার নানির সঙ্গে স্থানীয় একটি বিলে যায়। তাকে পাড়ে বসিয়ে রেখে নানি গোসল করতে নামেন। গোসল শেষে তীরে উঠে নাতিকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। পরে বাড়িতে গিয়েও মুস্তাকিমকে খুঁজে পাননি। কিছুক্ষণ পর খবর পান, বিলের পানিতে মুস্তাকিমের লাশ ভেসে উঠেছে। পরে স্থানীয় লোকজন গিয়ে লাশ উদ্ধার করেন।
মারা যাওয়া অপর শিশু আহাদ মিয়ার পরিবারের সদস্যদের বরাত দিয়ে চরসুবুদ্ধির ইউনিয়ন পরিষদের সদস্য গাজীউর রহমান প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে চরসুবুদ্ধির মোদাফতপাড়া এলাকায় হাইরমারা ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যানের পুকুরে কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে আহাদ মিয়া। অন্য শিশুরা গোসল শেষে তীরে উঠে এলেও আহাদ সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে তার লাশ উদ্ধার করেন।