যশোরের এমএম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজ

অবশেষে ছয় বছর পর যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এমএম) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সরকারি এমএম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ জুলাই এমএম কলেজ ছাত্রলীগের ৬৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন তৎকালীন জেলা সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। ওই কমিটির সভাপতি রওশন ইকবাল শাহী পরে জেলা ছাত্রলীগের সভাপতি হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সহসভাপতি নূর ইসলামকে। দীর্ঘদিন কমিটি না হওয়ায় নেতৃত্ব–সংকটে পড়ে কলেজ ছাত্রলীগ।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে জেলার সব কয়টি মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনে কাজ করা হচ্ছে। সৎ ও যোগ্য প্রার্থীদের বাছাই করে এমএম কলেজ ছাত্রলীগে নতুন নেতৃত্ব নিয়ে আসা হবে। অন্যান্য ইউনিটেও শিগগিরই কমিটি দিয়ে যশোরে ছাত্রলীগকে পুনর্গঠন করা হবে।’

কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে, যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগের পদধারী অধিকাংশ নেতা বর্তমানে বিবাহিত ও সন্তানের বাবা। আবার কেউ কেউ চাকরিজীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিন-চার বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন প্রায় সবাই।

দীর্ঘদিন কমিটি না থাকায় ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ছোট ছোট উপদল। ফলে এসব নেতা–কর্মীরা ক্যাম্পাসে প্রভাব ও আধিপত্য বিস্তার রোধে নানা বিশৃঙ্খলা কর্মকাণ্ড করে যাচ্ছেন। এদিকে দীর্ঘদিন পর কমিটি বিলুপ্ত করায় পদপ্রত্যাশী নেতা–কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।