জেলার রাজনীতি—১৪ কুমিল্লা
আহ্বায়ক কমিটিতে চলছে বিএনপি, আওয়ামী লীগে নানামুখী কোন্দল
পূর্ণাঙ্গ কমিটি নেই। আহ্বায়ক কমিটিতে জ্যেষ্ঠ নেতাদের না রাখায় বিএনপিতে রয়েছে চাপা ক্ষোভ। কমবেশি সব ইউনিটে রয়েছে কোন্দল।
কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন মন্ত্রী ও সংসদ সদস্যরা। কোন্দলে জর্জরিত মেয়াদোত্তীর্ণ উত্তর জেলা আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগে কোণঠাসা সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানার অনুসারীরা। পূর্ণাঙ্গ কমিটি নেই মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিতে। আহ্বায়ক কমিটিতে নেই জ্যেষ্ঠ নেতারা।
দক্ষিণ আ.লীগের নেতৃত্বে ক্ষমতাবানেরা
কুমিল্লা দক্ষিণে আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির অধীনে ১০টি উপজেলা ও ৬টি সংসদীয় আসন রয়েছে। ছয় সংসদ সদস্যের মধ্যে দুজন মন্ত্রী। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের মো. মুজিবুল হক ও কুমিল্লা-৬ (সদর-সিটি-সেনানিবাস) আসনের আ ক ম বাহাউদ্দিন নিজ এলাকায় প্রভাবশালী। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান বুড়িচং আওয়ামী লীগের সভাপতি। তাঁর নির্বাচনী এলাকায় অন্তত সাতজন নেতা নির্বাচন করতে তৎপর।
বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য। তাঁর আসনে মনোনয়ন চান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীম। দক্ষিণ জেলা আওয়ামী লীগে পদবঞ্চিত বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল ইসলামও প্রার্থী হতে চান।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক বলেন, ‘এখানে কোনো সমস্যা নেই। উপজেলা কমিটিও আছে। আমরা সবাই ঐক্যবদ্ধ। তবে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক ব্যক্তি বিভিন্ন আসনে মনোনয়ন চাইবেন।’
মেয়াদোত্তীর্ণ উত্তর আ.লীগে কোন্দল
২০১৯ সালে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ম. রুহুল আমিনকে সভাপতি ও রোশন আলীকে সাধারণ সম্পাদক করা হয়। পরে ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হয়। তবে পাঁচজন সংসদ সদস্যের কেউ কমিটির শীর্ষ পদে নেই।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের দ্বন্দ্ব এখন প্রকাশ্য। আবার সাধারণ সম্পাদক রোশন আলীর সঙ্গে তাঁদের মতবিরোধ রয়েছে। তাঁরা তিনজনই নির্বাচন করতে চান। উপজেলার কমিটি নিয়েও তাঁদের মধ্যে বিরোধ আছে।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম সরকারের কোন্দল ২৭ বছরের। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রাণ গোপাল দত্তের সঙ্গে দ্বন্দ্ব প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ছেলে ও উপজেলার সভাপতি মুনতাকিম আশরাফের। দাউদকান্দি ও তিতাস নিয়ে গঠিত কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া। সেখানে মনোনয়ন চান আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর। কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে সংসদ সদস্য সেলিমা আহমাদকে ঠেকাতে এককাট্টা হোমনা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ ও মেঘনার সভাপতি শফিকুল আলম।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, নির্বাচনের সময় দলে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকবেই। উপজেলা কমিটি নিয়ে কিছু এলাকায় বিরোধ আছে। কেন্দ্র যখন সম্মেলনের কথা বলবে, তখন সম্মেলন হবে।
মহানগরে কোণঠাসা আঞ্জুমের অনুসারীরা
গত ১১ মে মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। কমিটির ৬৬ জনই সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের অনুসারী। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা ও তাঁর বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের অনুসারীরা কোনো পদ পাননি। তিন মাস ধরে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সম্মেলন ও বর্ধিত সভা হচ্ছে। এ আসনে নির্বাচন করতে চান আঞ্জুম সুলতানা। তিনি বলেন, ‘কমিটিতে আমার অনুসারীরা স্থান না পেলেও দলের জন্য কাজ করছি। নেত্রীর কাছে মনোনয়ন চাইব।’
সংসদ সদস্য বাহাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আরফানুল হক বলেন, ‘বাহার ভাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। ইতিমধ্যে ২৭টি ওয়ার্ডের কোথাও সম্মেলন হয়েছে, হচ্ছে। গঠনতন্ত্র মেনে তৃণমূলের মতামত নিয়ে ওয়ার্ড কমিটি হচ্ছে।’
বিএনপিতে ক্ষোভ-হতাশা
কনিষ্ঠ নেতাদের হাতে আহ্বায়ক কমিটির নেতৃত্ব থাকায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। জেলা ও উপজেলা পর্যায়ে কোন্দলের কারণে কয়েকটি উপজেলায় কমিটি করা যাচ্ছে না।
২০২২ সালের ৩০ মে মো. আমিরুজ্জামানকে আহ্বায়ক ও ইউসুফ মোল্লাকে সদস্যসচিব করে মহানগর বিএনপির ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। শৃঙ্খলাবহির্ভূত কাজের অভিযোগে আমিরুজ্জামানকে দল থেকে অব্যাহতি দিলে কমিটি বাতিল হয়ে যায়। পরে উদবাতুল বারীকে আহ্বায়ক ও ইউসুফ মোল্লাকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু ওই নেতাদের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের দূরত্ব কমেনি। আমিরুজ্জামান অব্যাহতি পেলেও তিনি দলের সব কর্মসূচিতে সামনের কাতারে থাকেন।
বিলুপ্ত কুমিল্লা শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, মহানগর বিএনপিতে জ্যেষ্ঠ নেতারা কোনো পদে নেই। মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে ঢেলে সাজাতে হলে সাবেক মেয়র মনিরুল হককে দলে আনতে হবে।
কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ওরফে ইয়াছিন। এ আসনে মনোনয়ন চান দল থেকে আজীবন বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক। মনিরুল হক বলেন, ‘ইয়াছিন সাহেব (আমিন) সিটি নির্বাচনে আমার বিরোধিতা করেছেন। তাঁর শ্যালককে প্রার্থী করে আমাকে হারিয়েছেন। আমি দলে ফিরতে চাই। দলের কাছে মনোনয়ন চাইব।’
আমিন উর রশিদ প্রথম আলোকে বলেন, মহানগর ও জেলায় বিএনপি শক্তিশালী। দলে কোনো বিরোধ নেই। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা বলেন, মহানগরে বিএনপি শক্তিশালী। পর্যায়ক্রমে সব ওয়ার্ড কমিটি হবে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দল চলছে। দলের ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে আহ্বায়ক কমিটি দিয়েছে কেন্দ্র।
উত্তরের সব উপজেলায় আহ্বায়ক কমিটি
২০২২ সালের ৩০ মে আক্তারুজ্জামান সরকারকে আহ্বায়ক ও তারেক মুন্সীকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করে উত্তর জেলা বিএনপি। সাতটি উপজেলা আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সী। তাঁর সঙ্গে জেলার নেতৃত্বের দূরত্ব বিদ্যমান। এ আসনে নির্বাচন করতে চান তারেক মুন্সী। উত্তরের সাবেক সভাপতি খোরশেদ আলমের মৃত্যুতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে। এ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদকে কেন্দ্র করে বিএনপির একটি অংশ এগোচ্ছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে গতবার বিএনপির প্রার্থী ছিলেন কে এম মজিবুল হক। তবে এবার তাঁর তৎপরতা নেই। কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর ছেলে কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মাহবুব হোসেন তৎপর। কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে বিএনপির প্রয়াত নেতা এম কে আনোয়ারের ছেলে কাইজার হোসেনের নাম শোনা যাচ্ছে। কিন্তু মাঠে তৎপর নন তিনি।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার বলেন, উত্তর জেলা ও সাত উপজেলায় বিএনপি আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। মামলা-হামলায় অধিকাংশ নেতা-কর্মীরা এলাকাছাড়া। এরপরও তাঁরা টিকে আছেন।
দক্ষিণে নেতায় নেতায় কোন্দল
২০২২ সালে আমিন উর রশিদকে আহ্বায়ক ও জসিম উদ্দিনকে সদস্যসচিব করে দক্ষিণ জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটি উপজেলা পর্যায়ে সম্মেলন করতে না পারলেও কয়েকটি উপজেলায় কমিটি দিয়েছে। বরুড়ায় পূর্ণাঙ্গ কমিটি আছে। সেখানে বিএনপির একমাত্র মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের। আদর্শ সদর ও চৌদ্দগ্রাম উপজেলায় কমিটি আছে, অন্য সাত উপজেলায় নেই। লালমাই উপজেলা প্রতিষ্ঠার পর কোনো কমিটি হয়নি। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসনে মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, আবদুল গফুর ভূঁইয়া ও ২০০৯ সালের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মধ্যে দূরত্ব আছে। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আনোয়ার উল আজিম ও বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের মধ্যে কমিটি গঠন ও মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কুমিল্লা-১১ আসনে কমিটি নিয়ে কোন্দল আছে।
বিএনপির নেতা-কর্মীদের দাবি, তিন কমিটিতে দলের ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব পদে রাখলে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতো।
দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন বলেন, কুমিল্লায় দল ঐক্যবদ্ধ। প্রতিটি কর্মসূচিতে নেতা-কর্মীরা থাকেন। মনোনয়ন নিয়ে মন–কষাকষি হতেই পারে।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কেন্দ্রীয় নেতারা যেভাবে নির্দেশনা ও কমিটি দিয়েছেন, সেভাবে দল চলছে। দলের সব কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।