সড়কের ধারে পড়ে থাকা বৃদ্ধাকে নিজের ঝুপড়িঘরে আশ্রয় দিলেন কৃষিশ্রমিক
সত্তরোর্ধ্ব অজ্ঞাতপরিচয় এক নারী পড়ে ছিলেন সড়কের ধারে। স্থানীয় কেউ জানেন না তাঁর পরিচয়, বৃদ্ধাও কিছু বলতে পারছেন না। কয়েকজন নারী ওই বৃদ্ধাকে সড়ক থেকে উঠিয়ে গ্রামের ভেতরে নিয়ে যান। রাত হয়ে গেলেও বৃদ্ধাকে কেউ নিতে আসেননি। অসুস্থ শরীর নিয়ে বৃদ্ধা কাতরাচ্ছেন, সবাই তাঁকে ঘিরে জটলা করছেন। কিন্তু কোথাও আশ্রয় মিলছে না।
এমন সময় ওই বৃদ্ধাকে আশ্রয় দিতে এগিয়ে আসেন কৃষিশ্রমিক খলিল হোসেন। তিনি ওই বৃদ্ধাকে নিজ বাড়িতে নিয়ে যান। এক কক্ষের টিনের বেড়ার ঘরটির বারান্দায় জায়গা দেন বৃদ্ধাকে। খলিল একা থাকেন ওই ঘরে। বর্তমানে প্রতিবেশীরা ওই বৃদ্ধার দেখভাল করছেন। যে যখন পারছেন, খাবার দিচ্ছেন।
ঘটনাটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামানদা গ্রামে। ওই গ্রামের ইসরাফিল হোসেনের স্ত্রী রেক্সোনা বেগম জানান, গতকাল রোববার বিকেল থেকে তাঁদের গ্রামের মাঝ দিয়ে যাওয়া সড়কের ধারে এক মহিলা পড়ে ছিলেন। কখনো বসছেন, আবার কখনো শুয়ে থাকছেন। গায়ের কাপড়গুলো নোংরা হয়ে গেছে। এটা দেখে অনেকেই তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু বৃদ্ধা ঠিকমতো কথা বলতে পারছেন না। যে কারণে তাঁর নাম–পরিচয় ও ঠিকানা জানা সম্ভব হয়নি।
রেক্সোনা বেগম বলেন, অবস্থা খারাপ দেখে তাঁরা কয়েকজন ওই বৃদ্ধাকে তুলে পাড়ার মধ্যে নিয়ে আসেন। দিন শেষে রাত শুরু হলেও বৃদ্ধাকে কেউ নিতে আসেননি। নারীরাও কেউ তাঁদের বাড়িতে নিতে চাননি। এমন সময় তাঁর স্বামীর বড় ভাই খলিল হোসেন তাঁর ঘরে বৃদ্ধাকে আশ্রয় দেন। তাঁরা কয়েকজন মিলে ধরাধরি করে বৃদ্ধাকে ওই ঘরে তুলে দেন।
বৃদ্ধার চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা হলে তিনি তাঁর পরিচয় সবাইকে জানাতে পারতেন। বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন নন, তাঁর কথায় সেটা বোঝা গেছে।
খলিল হোসেন জানান, তাঁর তিন সন্তান। বড় ছেলে শামিম হোসেন (৩০) ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন। ছোট ছেলে আলামিন হোসেন (২৫) কোটচাঁদপুর শহরে কাঠের কাজ করেন। মেয়ে শারমিন আক্তারকে (২২) বিয়ে দিয়েছেন। স্ত্রী নাছিমা খাতুন অসুস্থ হয়ে বাবার বাড়িতে আছেন। তিনি সরকারি জায়গায় বসবাস করছেন। মাত্র দেড় শতক জমির ওপর ঘর করে থাকছেন।
খলিল হোসেন বলেন, আনুমানিক ৭৫ বছর বয়সী বৃদ্ধা রাস্তায় পড়ে আছেন। কেউ তাঁকে জায়গা দিচ্ছেন না। রাত হয়ে গেছে, এভাবে রাস্তায় পড়ে থাকলে বৃদ্ধার সমস্যা হতে পারে। এসব ভেবে তিনি আশ্রয় দিয়েছেন। বর্তমানে তাঁর বাড়িতে আছেন। তাঁর টিনের ঘরের বারান্দায় থাকতে দিয়েছেন।
এর পর থেকে প্রতিবেশীরা মাঝেমধ্যে আসছেন, তাঁরা বৃদ্ধার দেখভাল করছেন। খলিল হোসেন নিজে খাবার দিচ্ছেন, প্রতিবেশীরাও দিচ্ছেন। তাঁর ছোট ভাইয়ের স্ত্রী রেক্সোনা আসছেন, খাবার দিচ্ছেন। এভাবে বৃদ্ধার দিন কাটছে।
খলিল হোসেন বলেন, বৃদ্ধার চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা হলে তিনি তাঁর পরিচয় সবাইকে জানাতে পারতেন। বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন নন, তাঁর কথায় সেটা বোঝা গেছে।
কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বলেন, বিষয়টি তিনি আজ সোমবার সকালে জানতে পেরেছেন। ইতিমধ্যে খোঁজ নেওয়ার জন্য ইউনিয়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বৃদ্ধার থাকার জায়গা না থাকলে এবং পরিচয় নিশ্চিত হতে না পারলে, আইনিভাবে কী করা যায়, তা তিনি দেখবেন বলে জানান।