মাগুরা পৌরসভা
উচ্চ ভোল্টের তার ঘেঁষে বসতি, ঘটছে দুর্ঘটনা
গত পাঁচ বছরে ওই এলাকায় হাই ভোল্টেজের এই লাইনে বিদ্যুতায়িত হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
মাগুরা পৌরসভার সাজিয়াড়া, পুলিশ লাইনস ও স্টেডিয়াম পাড়া এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ঘেঁষে বেশ কিছু বসতি গড়ে উঠেছে। সেখানে ঝুঁকি নিয়ে বসবাস করছেন বাসিন্দারা। এ কারণে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।
গত পাঁচ বছরে ওই এলাকায় হাই ভোল্টেজের এই লাইনে বিদ্যুতায়িত হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। হাত কেটে ফেলতে হয়েছে একজনের। সর্বশেষ গত শনিবার সাজিয়াড়া এলাকায় একটি দুর্ঘটনায় আহত এক তরুণকে হাসপাতালে ভর্তি করা রয়েছে। দুর্ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা ও বিদ্যুৎ বিভাগ একে অপরের ওপর দায় চাপাচ্ছেন।
শনিবারের ওই দুর্ঘটনা ঘটেছে সাজিয়াড়া মসজিদ মাদ্রাসা এলাকায় খান মঞ্জিল নামের একটি বাড়িতে। যেটা স্থানীয়ভাবে জেসমিন ম্যাচ (ছাত্রাবাস) নামে পরিচিত। গত সোমবার গিয়ে দেখা যায়, দোতলা বাড়ির ছাদের কয়েক ফুট ওপর দিয়ে গেছে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন। শনিবার সকালে ভবনের ছাদে উঠে বিদ্যুতায়িত হয়ে দোতলার ছাদ থেকে নিচে পড়ে আহত হন চয়ন আলী (২৫) নামের এক যুবক। গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিনই তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহত ওই তরুণের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। তিনি মাগুরা শহরের ভায়নার মোড়ে একটি একটি স্থাপনা নির্মাণ প্রকল্পে সুপারভাইজার ছিলেন।
চয়ন আলী যে কোম্পানির হয়ে কাজ করছিলেন, সেখানকার প্রকৌশলীদের একজন ইমিতিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর (চয়ন) শরীরের ২২ ভাগ পুড়ে গেছে। নাভি থেকে মুখ পর্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়েও ক্ষত রয়েছে। শেষ পর্যন্ত কি হবে বোঝা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত চার বছরে ওই ছাত্রাবাসে আরও দুটি দুর্ঘটনা ঘটে। যার মধ্যে ওই বাড়ির ছাদ থেকে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক যুবক। একই বাড়িতে আলাদা আরেকটি দুর্ঘটনায় আরেকজনের হাত কেটে ফেলতে হয়েছে। স্থানীয় বাসিন্দা না হওয়ায় তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে দুজনই ছিলেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিটের শিক্ষার্থী।
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ খোরশেদ আলম বলেন, ‘আমি এখানে যোগদানের বেশ কয়েক বছর আগে ওই দুর্ঘটনা দুটি ঘটে। শনিবারের দুর্ঘটনা ঘটার পর বিষয়টি আমার নজরে আসে। জানতে পারি, ওই ছাত্রাবাসে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বেশি থাকে। বিষয়টি জানার পর, এমন ঝুঁকিপূর্ণ বাসা বাড়িতে না থাকার জন্য নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
ওই বাড়ির মালিক জেসমিন আরার বোন ফরিদা রহমান বলেন, ১৯৯৭ সালের দিকে তাঁরা ওই বাড়ি করেন। সেই সময় থেকেই তিনিসহ এলাকায় আরও যাঁদের বাড়ির ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের লাইন গেছে, তাঁরা বিভিন্ন সময়ে বিদ্যুৎ লাইন অপসারণের জন্য আবেদন জানিয়েছেন। তবে কোন কাজ হয়নি। এ কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই তাঁরা ওই বাড়িতে বসবাস করছেন।
এক প্রশ্নের জবাবে ফরিদা রহমান বলেন, পৌরসভার অনুমোদন নিয়েই বাড়ি করা হয়েছে। ছাদে তালা দেওয়া থাকে। তবে ছাত্ররা চাবি নিয়ে তালা খুলে ওপরে ওঠেন। সেদিন যে ছেলেটা আহত হয়েছেন, তিনি নতুন এসেছেন। ঝুঁকির বিষয়টা জানতেন না।
সাজিয়াড়া ছাড়াও পুলিশ লাইনস ও স্টেডিয়াম পাড়ায় এমন ঝুঁকিপূর্ণ কিছু স্থাপনা রয়েছে। যেখানে গত দুই বছরে দুজন মারা গেছেন। এসব দুর্ঘটনার জন্য স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ লাইনের এসব ত্রুটির ব্যাপারে বিভিন্ন সময় লিখিত অভিযোগ জানিয়েও কোন ফল পাওয়া যায় না। যে কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
জানতে চাইলে, মাগুরা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বলেন, ‘যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটা মাগুরা বিদ্যুৎ বিতরণের প্রথম লাইন। সাজিয়াড়ায় ১৩২/৩৩ গ্রিডের উপকেন্দ্র স্থাপনের আগে ওই লাইন দিয়েই ঝিনাইদহ থেকে বিদ্যুৎ আসত। যেটা এখনো গুরুত্বপূর্ণ। লাইন সেখানে আগেই ছিল। লাইনের নিচে দিয়ে তাঁরা (স্থানীয়রা) অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণভাবে বসতি নির্মাণ করেছেন। ফলে দুর্ঘটনার দায় স্থানীয় লোকজন এড়াতে পারেন না। তবে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’
মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী বলেন, বাড়ির নকশা পাসের ক্ষেত্রে পৌরসভা এসব ঝুঁকি বিবেচনা করে থাকে। সাধারণত ১০ মিটার দূরত্বে স্থাপনা নির্মাণের পরামর্শ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বাসিন্দারা পৌরসভা থেকে নকশা পাস করলেও আরেকভাবে স্থাপনা নির্মাণ করেন।