সোনাগাজীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিশুর মা বাদী হয়ে ওই মাদ্রাসার শিক্ষক নুর নবী ও মাদ্রাসার মুহতামিম গোলাম রহমানকে (৪৪) আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন। এ মামলায় গতকাল রাতেই গোলাম রহমানকে করেছে পুলিশ।
এর আগে গতকাল ভোররাতে মাদ্রাসার আবাসিক কক্ষে নুর নবী ওই ছাত্রকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত নুর নবী খাগড়াছড়ির রামগড় উপজেলার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক।
মামলা সূত্রে জানা গেছে, দুই বছর ধরে ছাত্রটি ওই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করে আসছে। বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব বেশি হওয়ায় সে মাদ্রাসার আবাসিক কক্ষে থাকত। গতকাল সকালে ওই ছাত্র হঠাৎ পালিয়ে বাড়িতে চলে আসে।
পরে ওই ছাত্রের পরিবারের লোকজন তাকে মাদ্রাসায় রেখে আসার কথা বললে সে কাঁদতে শুরু করে। এ সময় পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার মাকে জানায়, বেশ কিছুদিন ধরে শিক্ষক নুর নবী তাকে ধর্ষণ করে আসছে। বিষয়টি কাউকে জানালে নুর নবী তাকে মেরে ফেলার হুমকি দেন বলে ওই ছাত্র জানায়।
ওই ছাত্রের বাবা বলেন, ছেলের কাছ থেকে ঘটনাটি শুনে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে মাদ্রাসায় গিয়ে মুহতামিম গোলাম রহমানের কাছে নালিশ করেন। কিন্তু গোলাম রহমান তাঁদের কথা না শুনে উল্টো অভিযুক্ত শিক্ষক নুর নবীকে পালাতে সহায়তা করেন। এ জন্য তাঁরা দুজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুবুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ বুধবার ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।
পরে দুপুরে শিশুর জবানবন্দি নেওয়ার জন্য ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।ঘটনার পর থেকে নুর নবী পলাতক। তাই এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম রহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হবে। মামলার মূল অভিযুক্ত নুর নবীকে ধরতে অভিযান চলছে।