লালমনিরহাট সীমান্তে বাগ্‌বিতণ্ডা, স্থানীয়দের প্রতিবাদের মুখে চলে যান বিএসএফের সদস্যরা

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিএসএফের তিন সদস্যের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানানছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধার ভেলাগুড়ি সীমান্তে গরু চরানোকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যের বাগ্‌বিতণ্ডা হয়। এ খবর শুনে স্থানীয় আরও অনেকে ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানালে বিএসএফের সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে বাংলাদেশ অংশ থেকে চলে যান।

পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সদস্যরা বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি সেট উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

গতকাল সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। বিএসএফের অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেওয়া হয়। গতকাল রাতে লালমনিরহাট ১৫ বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ৭৮ বিএসএফের কমান্ড্যান্ট পতাকা বৈঠকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।