মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বদরুল আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কোম্পানীগঞ্জের শাহ আরিফ টিলায় এই ঘটনা ঘটে।
নিহত বদরুল আলম কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চিকাডহর গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে। নিহত ব্যক্তির স্বজন ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে বাড়ির পাশের মইটাটিলায় জাল নিয়ে মাছ ধরতে যান বদরুল আলম। সকাল সাড়ে আটটার দিকে মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে শাহ আরফিন টিলা এলাকায় পৌঁছালে বজ্রপাতে আহত হন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন, পুলিশ নিহত ব্যক্তির ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। এ ব্যাপারে পরবর্তীকালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।