রাজবাড়ীতে আগের মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে বিএনপির ৪ নেতাকে গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পাংশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার চারজন হলেন কসবামাজাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মতিন বিশ্বাস (৪৭), মাছপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হক (৩১), পাট্টা ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক তৌহিদুর রহমান (৩০) ও বিএনপির সদস্য আকরাম হোসেন ওরফে সুমন (৪১)। এই চার ব্যক্তিকে মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ৩ ডিসেম্বর রাতে উপজেলা যুবলীগের কর্মী আকমল হোসেন (৪০) বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। আকমল যুবলীগের সক্রিয় কর্মী, তবে দলীয় কোনো পদে নেই। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামের বাসিন্দা। ওই মামলায় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ৩ ডিসেম্বর বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করেন। ওইদিন পাঁচটার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি পাংশা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর দ্বীপ অ্যাগ্রোফুডের সামনে পৌঁছালে আসামিরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। একপর্যায়ে হামলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এতে মামলার বাদী (আকমল) ও রাজীব (২৬) নামের আরেকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান বলেন, মিছিলে বোমা হামলার অভিযোগে থানায় একটি মামলা হয়েছিল। গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তবে রাজনৈতিক শত্রুতার কারণে বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী। তিনি বলেন, বিশেষ কারণে বা শত্রুতার কারণে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এটা অন্যায়। রাজবাড়ীতে বিএনপির বিভিন্ন নেতা–কর্মীর বাড়িতে পুলিশ হানা দিচ্ছে। জনপ্রতিনিধিদের বাড়িতেও হানা দিচ্ছে। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কোনো নেতা–কর্মী কখনোই উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না, ভবিষ্যতেও জড়িত থাকবে না।