চলনবিলে অবৈধভাবে মাছ শিকার, বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

মামলাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে বাঁধ দিয়ে চলনবিলে মাছ শিকারের অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপির আট নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বাদী হয়ে সিংড়া থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার চলনবিলের পাটকোল ও পাটকোল বেইলি ব্রিজ এলাকায় অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন বিএনপির নেতা-কর্মীরা। সেখানে মাছ শিকার বন্ধে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন। অভিযান চলাকালে তিনি অবৈধ বাঁধ অপসারণ করেন।

এ ঘটনায় মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বিএনপির আট নেতা-কর্মীর নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ সালের ৫ ধারায় মামলা করেন। মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ছাড়াও বিএনপি কর্মী মাসুদ রানা, আব্দুল মতিন, আব্দুল করিম, আবু জাফর, রাজিব হোসেন, ফারুক হোসেন ও মো. দুলালকে আসামি করা হয়েছে। তাঁদের কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

এ বিষয়ে সিংড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে কয়েকজন অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিল। আমি পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেছি এবং আটজনের নামে মামলা করেছি।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আটজনের নামে একটি মামলা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।