চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়ার সীমান্তবর্তী এলাকায় আগুনে পুড়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার সময় উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভাইবোন হলো জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩)। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লটমনি এলাকার জেএমবি ব্রিকস নামের একটি ইটভাটার পাশে পরিত্যক্ত একটি বেড়ার ঘরে সন্তানদের নিয়ে বসবাস করতেন মো. হাসান ও হালিমা আক্তার। ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতেন হালিমা আক্তার। আর তাঁদের বাবা মো. হাসান অন্য জায়গায় কাজ করতেন। সন্তানদের ঘরে রেখে বাইরে কাজ করতে যান মা-বাবা দুজন। ঘরে বিকেলের দিকের কোনো এক সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুই শিশু পুড়ে মারা যায়।
বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী দুর্গম এলাকায় হওয়ায় লাশ উদ্ধার করতে সময় লেগে যায়। প্রাথমিকভাবে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এ ঘটনা ঘটে। আমরা আরও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’