স্বামীর পর এখন ছেলের সঙ্গে মর্গে লাশ কাটেন দুলালী
দুলালী রানী (৫৫) ভালোবেসে বিয়ে করেছিলেন হরিজন সম্প্রদায়ের পান্না লালকে। বিয়ের পর স্বামী তাঁকে মর্গে নিয়ে লাশ কাটার কাজ শেখান। এর পর থেকে ২৫ বছর ধরে স্বামী ও ছেলেকে লাশ কাটায় সহযোগিতা করে আসছেন দুলালী।
পিরোজপুর শহরের হরিজন কলোনির বাসিন্দা দুলালী রানী। তাঁর স্বামী পান্না লাল পিরোজপুর সদর হাসপাতালের মর্গে দীর্ঘদিন ধরে লাশ কাটা পেশায় জড়িত ছিলেন। মূলত এটা পান্না লালের পারিবারিক পেশা। তবে এখন তিনি অবসরে গেছেন। তাঁর ছেলে চয়ন ডোম এখন লাশ কাটার কাজ করে যাচ্ছেন। প্রায়ই ছেলেকে লাশ কাটায় সহযোগিতা করেন দুলালী রানী।
আমি ২৫ বছর ধরে লাশ কাটায় সহযোগিতা করলেও কাজের কোনো স্বীকৃতি পাইনি। এ নিয়ে কষ্ট আছে। তবে কারও কাছে কখনো বলিনি।
প্রায় ৪০ বছর আগে পরিবারের অমতে পান্না লালকে বিয়ে করেন দুলালী। দুলালীর বাবা নেপাল হালদার ছিলেন সংগীত শিক্ষক। মেয়ে ডোম পরিবারের ছেলেকে বিয়ে করায় তিনি এ বিয়ে মেনে নেননি। ১৯৯০ সালে দুলালী রানীর শ্বশুর ফাল্গুনী ডোম সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর পান্না লাল ওই চাকরি পান। এর আগে পান্না লাল তাঁর বাবার সহকারী হিসেবে লাশ কাটায় সহযোগিতা করতেন। পান্না লাল তাঁর কাজের সুবিধার জন্য স্ত্রীকে এই কাজ শেখান। এভাবে লাশ কাটা পেশায় জড়িয়ে পড়েন দুলালী। ২০১৯ সালে পান্না লাল চাকরি থেকে অবসর নেন। এরপর ছেলে চয়ন এই পেশায় যোগ দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে পিরোজপুর শহরের হরিজন কলোনিতে কথা হয় দুলালীর সঙ্গে। দুলালী বলেন, ‘বিয়ের অনেক বছর পর একদিন আমার স্বামী আমাকে লাশ কাটা ঘরে নিয়ে গেলেন। তিনি আমার সামনে ফরেনসিক বিভাগের একজন চিকিৎসকের উপস্থিতিতে লাশ কাটলেন। লাশ কাটার দৃশ্য দেখে আমি প্রথমে ভয় পেয়েছিলাম। আমার স্বামী আমাকে হাতে ধরে লাশ কাটার কাজ শেখান। এর পর থেকে আমি স্বামীর সঙ্গে মাঝেমধ্যে লাশ কাটার কাজ করতাম। স্বামীকে লাশ কাটার কাজে দীর্ঘদিন সহযোগিতা করেছি। এখন ছেলেকেও এ কাজে সহযোগিতা করছি।’
পান্না লাল অবসরে গেলেও তাঁর ছেলে চয়নের আর সরকারি চাকরি হয়নি। এ নিয়ে আক্ষেপ আছে দুলালীর। তিনি বলেন, ‘লাশ কাটার পর পুলিশ ও লাশের স্বজনদের দেওয়া টাকা দিয়ে কোনো রকমে সংসার চলছে। আমার ছেলেরও কোনো সরকারি চাকরি হয়নি। তারপরও স্বামী ও ছেলেকে সহযোগিতা করে যাচ্ছি। আমি ২৫ বছর ধরে লাশ কাটায় সহযোগিতা করলেও কাজের কোনো স্বীকৃতি পাইনি। এ নিয়ে কষ্ট আছে। তবে কারও কাছে কখনো বলিনি।’
দুলালী রানীর ছেলে চয়ন ডোম বলেন, ‘ছোটবেলা থেকে বাবাকে লাশ কাটতে দেখেছি। ১০ বছর বয়সে আমিও বাবা ও মায়ের কাছ থেকে লাশ কাটা শেখা শুরু করি।’
পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি বলেন, দুলালী রানী মর্গে লাশ কাটার কাজ করছেন। তিনি মূলত তাঁর ছেলে চয়ন ডোমকে এ কাজে সহযোগিতা করে আসছেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানে। তবে সরকারিভাবে তাঁকে কোনো সুযোগ–সুবিধা দেওয়ার ব্যবস্থা নেই। পিরোজপুর সদর হাসপাতালে চতুর্থ শ্রেণির ডোমের একটি পদ শূন্য আছে। তবে চতুর্থ শ্রেণির পদের নিয়োগ বন্ধ থাকায় ওই পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। অবসরে যাওয়া পান্না লালের ছেলে চয়নকে দিয়েই ডোমের কাজ করানো হচ্ছে।
পিরোজপুরের সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাকিল সরোয়ার বলেন, দুলালী রানী লাশ কাটার কাজে ছেলে চয়ন ডোমকে সহযোগিতা করছেন। বিশেষ করে, নারী লাশের ময়নাতদন্ত করার সময় তিনি মর্গে থাকেন। হরিজন সম্প্রদায় থেকে ডোম পেশায় আসা ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় সুযোগ–সুবিধা বাড়ানো হলে এ পেশায় অনেকের আগ্রহ বাড়বে।