মেহেরপুর সীমান্তে আবারও ঠেলে পাঠানোর চেষ্টা, তৎপরতা বাড়িয়েছে বিজিবি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত দিয়ে আবারও কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আজ সোমবার সকালে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে এই চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় একাধিক কৃষক বলেন, পুশ ইন চেষ্টার শিকার ওই ব্যক্তিরা আনুমানিক ১০ জন এবং তাঁরা সীমান্তের ১১০ নম্বর পিলারের কাছে একটি পাটখেতে অবস্থান করছেন। সকালে বিএসএফ তাঁদের জোর করে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা একজোট হয়ে তৎপরতা দেখালে ওই ব্যক্তিরা ভারতের দিকে ফেরত যান।
নাজিরাকোনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক সাইফুল মিয়া প্রথম আলোকে বলেন, ভোরের দিকে মাঠে কাজ করতে গেলে পাটখেতের ভেতর দিয়ে একদল নারী–পুরুষকে আসতে দেখেন। কয়েকজন কৃষক দ্রুত বিজিবিকে খবর দিতে গেলে তাঁরা বিষয়টি টের পেয়ে ভারতের দিকে ফেরত যান। পরে বিজিবি টহল জোরদার করে।
এ বিষয়ে নাজিরাকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হোসেন বলেন, সীমান্ত অতিক্রম করে প্রবেশ করার খবর পেয়ে বিজিবি তৎপরতা বাড়ালে তাঁরা ভারতীয় কাঁটাতারের কাছে চলে যান। কৃষকেরা বলছেন ১০ জনের মতো হবে। তবে কতজনকে বিএসএফ ঠেলে পাঠানোর চেষ্টা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত শুক্রবার গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত এলাকায় তিন নারী–পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির জোরদার টহলের কারণে তাঁরা ভারতে ফেরত যান।