সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে কাভার্ড ভ্যানের চাপায় মালিক নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে কেডিএস লজিস্টিক নামের কনটেইনার ডিপোতে একটি কাভার্ড ভ্যানের চাপায় এর মালিক নিহত হওয়ার ঘটনায় ডিপোর ব্যবস্থাপকসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিহত কাভার্ড ভ্যানের মালিকের নাম মোহাম্মদ হোসাইন (৩২)। তাঁর ছোট ভাই ইমাম হোসেন বুধবার সীতাকুণ্ড থানায় মামলাটি করেন। মোহাম্মদ হোসাইনের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার বাবুরহাটে।

দায়িত্বে অবহেলার অভিযোগে করা মামলায় ডিপোর ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, পরিবহন শাখার কর্মকর্তা আবদুর রহমান ও সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আফিসার ও কাভার্ড ভ্যানচালক রবিউল হোসেনকে (৩০) আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত সোমবার বেলা তিনটার দিকে মালামাল নামানোর সময় মোহাম্মদ হোসাইন নিজের মালিকানাধীন কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাটি গত সোমবার ঘটলেও ডিপো কর্তৃপক্ষ তাঁদের অবহিত করেনি। গতকাল মোহাম্মদ হোসাইন মারা যাওয়ার পর তাঁর ভাই বাদী হয়ে মামলা করেন। তাঁরা আসামিদের গ্রেপ্তারসহ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঢাকা থেকে কাভার্ড ভ্যানে করে রপ্তানি পণ্য নিয়ে গত সোমবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের ওই কন্টেইনার ডিপোতে যান মোহাম্মদ হোসাইন। গাড়িটি চালিয়ে এনেছিলেন চালক রবিউল হোসেন (৩০)। ওই দিন বেলা তিনটার দিকে মালামাল নামানোর জন্য ডিপোর ৯ নম্বর পয়েন্টে কাভার্ড ভ্যানটি নিয়ে যাওয়া হয়। এরপর ডিপো কর্তৃপক্ষ গাড়ির নিয়ন্ত্রণ নেয়। মালামাল নামানোর জন্য সিগনালম্যান, অপারেটর ও স্টাফদের নির্দেশনা অনুযায়ী গাড়িচালক কাজ করছিলেন।

এ সময় তাঁদের কর্তব্য অবহেলার কারণে কাভার্ড ভ্যানের চাপায় তাঁর ভাই মোহাম্মদ হোসাইন গুরুতর আহত হন। পরে তাঁকে ওই কাভার্ড ভ্যানে করে চালককে দিয়ে কনটেইনার ডিপো থেকে বের করে দেওয়া হয়। পরে চালক তাঁকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করান। অথচ ডিপো কর্তৃপক্ষ তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করেনি।

গতকাল বিকেল পাঁচটার দিকে মোহাম্মদ হোসাইন মারা যান। তাঁর ভাইয়ের মৃত্যুতে ডিপোর কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে বলে মামলায় অভিযোগ করেন বাদী ইমাম হোসেন।