কুমিল্লা নগর
দিনে ৭ ঘণ্টা গ্যাস থাকে না, রাতেও ভোগান্তি
বিজিডিসিএলের কর্মকর্তাদের ভাষ্য, চাহিদানুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় এমনটা হচ্ছে। শিগগির সংকট দূর হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তাঁরা।
শীত এলেই কুমিল্লা নগরে তীব্র গ্যাসসংকট দেখা দেয়। এতে গৃহস্থালি গ্রাহকদের পাশাপাশি শিল্পকারখানায় নেতিবাচক প্রভাব পড়ছে। প্রতিদিন বাসা বাড়িতে সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত জ্বলছে না চুলা। কোথাও কোথাও রাতের বেলায়ও চুলা জ্বলে না। এতে করে ভোগান্তি বেড়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কর্মকর্তাদের ভাষ্য, চাহিদানুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় এমনটা হচ্ছে। শিগগির সংকট দূর হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তাঁরা।
বিজিডিসিএল সূত্রে জানা গেছে, ১৯৮০ সালের ৭ জুন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের যাত্রা শুরু হয়। ২০০৮ সালের ১৭ নভেম্বর ওই কোম্পানিকে দ্বিখণ্ডিত করে কুমিল্লায় বিজিডিসিএল ও চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নামকরণ করা হয়। ২০১১ সালের ৩০ জুন থেকে বিজিডিসিএল নামে কোম্পানির নামকরণ করা হয়। ২০১১ সালের ১ জুলাই থেকে নতুন নামে কোম্পানির কাজ শুরু হয়। প্রতিষ্ঠালগ্নে গ্রাহক কম ছিল, এখন গ্রাহক বেড়েছে। কলকারখানা বেড়েছে। কিন্তু গ্যাসের পাইপলাইন সেই অনুযায়ী বাড়েনি। বর্তমানে বাখরাবাদে গৃহস্থালি গ্রাহক আছেন ৪ লাখ ৮৮ হাজার ৮১ জন। সিএনজি ফিলিং স্টেশন, বিসিক শিল্পনগরী, ইপিজেড, সার কারখানা ও বিদ্যুৎ স্টেশন কেন্দ্র মিলিয়ে গ্রাহকের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৬০৫। চাহিদানুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় সংকট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকেরা। এতে গৃহস্থালি খাতের গ্রাহকদের ওপর বিরূপ প্রভাব পড়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় সংকট ঘনীভূত হচ্ছে।
* ১৯৮০ সালের ৭ জুন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের যাত্রা শুরু হয়। * ২০০৮ সালের ১৭ নভেম্বর ওই কোম্পানিকে দ্বিখণ্ডিত করে বিজিডিসিএল ও কর্ণফুলী কোম্পানি নামকরণ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার পশ্চিম বাগিচাগাঁও, রেসকোর্স, বিষ্ণুপুর, ছোটরা, কালিয়াজুরি, দৌলতপুর, অশোকতলা, হিরাপুর, হজরতপাড়া ও শহরতলির জগন্নাথপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে গতকাল সকাল আটটার আগ থেকেই চুলা জ্বলেনি। চাঁপাপুরে বিজিডিসিএলের প্রধান কার্যালয়েও গ্যাসের সংকট।
নগরের নতুন চৌধুরী এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার বাসিন্দা স্কুলশিক্ষক কাজী ফেরদৌসি। অবসরপ্রাপ্ত শিক্ষক স্বামী, ছেলে, ছেলের বউ ও নাতনি নিয়ে থাকেন তিনি। গ্যাসের অভাবে সকালে ও দুপুরে সময়মতো খাবার জোগান দিতে পারছেন না এই শিক্ষক। ফেরদৌসি বলেন, ‘গতকাল সকাল সাতটার পরপরই চুলা জ্বলেনি। বেলা দুইটা পর্যন্ত গ্যাসের কোনো খবর নেই। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাঁচ বছর ধরে এমনটা হচ্ছে।’
সর্বশেষ গত ২৮ নভেম্বর গ্যাস সরবরাহ ছিল ২৯৭ এমএমসিএফ। ২৯ নভেম্বর ছিল ২৮৯ এমএমসিএফ। চাহিদামতো গ্যাস না পাওয়ায় এই অবস্থা হয়েছে।শংকর মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক, বিজিডিসিএল
অশোকতলা এলাকার বাসিন্দা সালমা আক্তার বলেন, ‘আমরা গ্যাস চাই। নগরের অন্যান্য এলাকায় গ্যাস থাকে। আমাদের এখানে থাকে না।’ হিরাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘শীতের দিনে ভোরে ওঠে নাশতা, ভাত রান্না করতে হয়। এভাবে আর কত দিন চলবে।’
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প কেন্দ্রে গ্যাসের চাপ কম থাকায় তিনটি চুলার একটিও জ্বলছে না। এতে উত্পাদন ব্যাহত হচ্ছে। দেশি বিদেশি কোম্পানির অর্ডার বাতিল করতে হয়েছে।
বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার গত বৃহস্পতিবার বলেন, প্রতিদিন বাখরাবাদে গ্যাসের চাহিদা ৫৮৮ এমএমসিএফ। কিন্তু সপ্তাহে গড়ে সরবরাহ হচ্ছে ২৮৫ এমএমসিএফ। সর্বশেষ গত ২৮ নভেম্বর গ্যাস সরবরাহ ছিল ২৯৭ এমএমসিএফ। ২৯ নভেম্বর ছিল ২৮৯ এমএমসিএফ। চাহিদামতো গ্যাস না পাওয়ায় এই অবস্থা হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, ‘বাখরাবাদ বিপণন কোম্পানি। কবে এই সংকট দূর হবে, তা আমি বলতে পারব না। কাতার ও ওমান থেকে সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে। কিন্তু এর দাম বেড়ে গেছে। সরকার ভর্তুকি দিয়ে আনে। তার ওপর দেশীয় উত্পাদন কমে গেছে। ফলে সংকট বেড়েছে।
বকেয়া ৮২৬ কোটি টাকা
বাখরাবাদ গ্যাস বিক্রি বাবদ বিদ্যুৎকন্দ্রগুলো থেকে ৪০৪ কোটি, সার কারখানা থেকে ১৮১ কোটি, অন্যান্য কারখানা থেকে ২৪১ কোটি টাকাসহ মোট ৮২৬ কোটি টাকা বকেয়া বিল পাওয়া আছে। এ ছাড়া চট্রগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছে পাওনা ৬৫ কোটি টাকা। ১১ বছরেও কর্ণফুলী ওই টাকা পরিশোধ করছে না।