বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

লাশপ্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের গাজীর বাড়ির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নাজমুস সাকিব (৩৮)। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন ইকরাম হোসেন (২৯)। হতাহত দুজনই নৌবাহিনীর সদস্য বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ। তিনি বলেন, দুই নৌবাহিনীর দুই সদস্য মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পটিয়া বাইপাসে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান নাজমুস সাকিব। ইকরাম হোসেনও আহত হন। তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সকাল ১০টা ২০ মিনিটের দিকে ওসি বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির লাশ ঘটনাস্থলেই রয়েছে। খবর পেয়ে নৌবাহিনীর একটি দল এসেছে।